সারা দেশে গতকাল ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এসব সভায় বক্তারা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘এফসিটিসির আলোকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ সংশোধন চাই’। বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শফিকুর রেজা বিশ্বাস। সভায় বক্তারা বলেন, দেশে তামাক উৎপাদন করায় সরকারের এক হাজার ২৫০ কোটি টাকা আয় হলেও এর কারণে বছরে ক্ষতি হচ্ছে দুই হাজার ৫০০ কোটি টাকা। আর যেসব লোক তামাকের কারণে মারা যাচ্ছে, তার হিসাব হবে কিসের মূল্যে? জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতআনা আক্তার বলেন, ‘৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস না বলে মুক্ত প্রক্রিয়া দিবস বলা উচিত। কেননা, বিশ্ব তামাকমুক্ত হয়নি। আমরা মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র।’বেলা ১১টায় খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে বেসরকারি সংস্থা ফ্রেন্ডস মিডিয়ার উদ্যোগে মানববন্ধন হয়েছে। এ সময় বক্তব্য দেন মেয়র তালুকদার আবদুল খালেক, সাংসদ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।