তামাক উত্পাদনকারীর সামাজিক কর্মসূচি নিয়ন্ত্রণের সুপারিশ
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে তামাক ও তামাকজাত দ্রব্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাকে ‘নিষিদ্ধ’ না করে ‘নিয়ন্ত্রণ’ করার সুপারিশ করে বিল চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদের আগামী অধিবেশনে বিলটি পাসের জন্য প্রতিবেদন আকারে উপস্থাপন করা হবে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ৪ মার্চ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৩ সংসদে উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের বলেন, ‘সংসদে উত্থাপিত বিলে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিকে নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছিল। কমিটি সেটি বাদ দিয়ে নিয়ন্ত্রণের সুপারিশ করেছে। কারণ, টোব্যাকো কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বৃত্তি ও অনুদান দিয়ে থাকে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপকারে আসে।’ কমিটি জনসমক্ষে ধূমপানের অর্থদণ্ড ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সুপারিশ করেছে বলে শেখ সেলিম জানান। বিলে তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান ও মো. মুরাদ হাসান অংশ নেন।