তামাক কোম্পানিকে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে তামাক চাষ ও প্রক্রিয়াজাতকরণ কেন বন্ধ করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য তামাক কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া চাষিদের সঙ্গে কোম্পানিগুলোর করা তামাক চাষসংক্রান্ত চুক্তিপত্রের কপিসহ বেশ কিছু দলিলপত্র পেশ করার জন্যও তাদের নির্দেশ দেওয়া হয়েছে।গত ১৭ আগস্ট দায়ের করা একটি মামলার আপিল শুনানিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাওসার গত বুধবার এ নির্দেশ দেন। যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে তামাক কোম্পানিগুলো এ আদালতে আপিল করে। বুধবার আপিল শুনানির দিন ছিল।বাদীপক্ষের আইনজীবী তানিয়া আমির বুধবার আদালতের কাছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তামাক চাষ ও সব ধরনের প্রক্রিয়াজাতকরণ বন্ধের আবেদন জানান। বিবাদীপক্ষের আইনজীবীরা বুধবার উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত করা হয়েছে দাবি করে এ সংক্রান্ত আইনজীবীদের প্রত্যয়নপত্র পেশ করেন এবং মামলার কার্যক্রম বন্ধ রাখার আবেদন জানান। তবে তাঁরা আদেশটি নির্দেশমূলক নয়, নির্দেশনামূলক জানালে আদালত মূল আদেশের কপি পেশ করার জন্য পরামর্শ দেন।আদালত মামলার পরবর্তী তারিখ ১০ নভেম্বরে কোম্পানিগুলোকে তাদের লাগানো গাছের প্রজাতির তালিকাও পেশ করার নির্দেশ দেন। স্থানীয় সাংবাদিক আলাউদ্দিন শাহরিয়ার ও জাফর ইকবাল মামলাটি করেন। এতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ঢাকা টোব্যাকো কোম্পানি ও আবুল খায়ের লিফ কোম্পানি এবং জেলা-উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়।