তামাক সংক্রমিত রোগ শুধু একজনকে মারে না, পরিবারের সবাইকে মারে। তামাক চাষ করে কেউ হয়তো ১০ হাজার টাকা লাভ করছেন কিন্তু তাঁর অজান্তে শরীরে যে রোগ বাসা বাঁধছে তাতে ১০ লাখ টাকার ক্ষতি হচ্ছে। তামাক চাষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। গতকাল বুধবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘তামাক চাষ ও ব্যবহারের কুফল শীর্ষক মতবিনিময়’ সভায় বক্তারা এসব কথা বলেন। সমবায় কর্মীদের নিয়ে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সোর চিকিৎসক রুবায়েত আনোয়ার বলেন, তামাক চাষ ও ব্যবহার থেকে বিরত থাকলে বর্তমান ও ভবিষ্যতের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ বলেন, তামাক চাষের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। তিনি কৃষকদের তামাকের বদলে ভুট্টা ও আখ ফসল চাষ করার পরামর্শ দেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, তামাকচুল্লিতে কাঠ পোড়ানো হয়। আইন করে তা বন্ধ করার দাবি জানান তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ শহিদুল ইসলাম তামাকচাষিদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাময়িক ১০ হাজার টাকা বা তার চেয়ে কিছু বেশি টাকা লাভ করছেন। কিন্তু তামাক চাষ করে করে আপনি আপনার ও পরিবারের সদস্যদের শরীরে ১০ লাখ টাকার রোগ সৃষ্টি করছেন, তা কী বুঝতে পারছেন? ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, নিজের পরিবার ও সন্তানের কথা চিন্তা করে তামাক চাষ ছেড়ে দিন।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান নব কমল চাকমা বলেন, ‘আগে মানুষ মারা যেত ম্যালেরিয়া, কলেরা ও বসন্ত রোগে। সেগুলো নির্মূল হয়েছে। সামান্য লাভের আশায় তামাক চাষ করে অনেকে ক্যানসার, ফুসফুস ও লিভারের রোগ ডেকে আনছেন।’
মতবিনিময় সভায় উপজেলার নিবন্ধনকৃত ১২০টি সমবায় সমিতি ও দলের প্রতিনিধিরা হাত তুলে তামাক চাষকে নিরুসাহিত করতে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান গোপাদেবী চাকমা, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা, বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আনন্দ মোহন চাকমা প্রমুখ।