তামাক চুল্লিতে পুড়ছে কাঠ বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় শতাধিক তামাক চুল্লিতে পুড়ছে বনের কাঠ। বেরোচ্ছে বিষাক্ত ধোঁয়া। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। উপজেলা তামাক চাষি কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার বিভিন্ন বিলে এবার ৪২৭ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। এসব তামাক পুড়ে শুকানোর জন্য বানানো হয়েছে ১১১টি চুল্লি। সরেজমিনে কয়েকটি এলাকায় দেখা যায়, চুল্লিগুলোতে অবাধে কাঠ পুড়িয়ে তামাক শুকানো হচ্ছে। আশপাশের সংরক্ষিত বনাঞ্চল থেকে সংগ্রহ করা হচ্ছে এসব কাঠ। চুল্লিগুলোর টিনের চিমনি দিয়ে বেরোচ্ছে বিষাক্ত ও কালো ধোঁয়া। সেই ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মুরাদনগর পৌর এলাকার হাজিবাড়ির বাসিন্দা আলমগীর হোসেন জানান, ১৮ থেকে ২০ দিন ধরে বাড়ির চারপাশে থাকা আটটি চুল্লিতে তামাক পোড়ানো হচ্ছে। চুল্লি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার গন্ধে ঘরে থাকা দায় হয়ে পড়েছে। বাড়ির অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, কাঠ পোড়ানোর কারণে বনাঞ্চল ও পরিবেশ ধ্বংস হচ্ছে। চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় তামাকের বিষাক্ত নিকোটিন রয়েছে, যা সরাসরি মানবদেহে প্রবেশ করে। এ থেকে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক কৃষ্ণপদ সাহা বলেন, বনের কাঠ পোড়ানোর বিরুদ্ধে তামাক চুল্লিগুলোতে অভিযান চালানো হবে। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জাফর আহমেদ প্রথম আলোকে বলেন, তামাকের দূষণ থেকে পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় তামাক চুল্লির মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।