তামাক ছেড়ে বেগুন চাষে সফল তিনি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা (৪৩)। জনপ্রতিনিধি হওয়ার পরও মাঝেমধ্যেই সভা-সমাবেশে বিদ্রুপের শিকার হতেন তিনি। অন্য কিছুই নয়, শুধু তামাক চাষের কারণেই তাঁকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। বোধোদয় হওয়ার পর সিদ্ধান্ত নিলেন, আর তামাক চাষ নয়। পরীক্ষামূলকভাবে ত্রিশ শতক জমিতে লাগালেন দেশি বেগুনের চারা। প্রথমবারেই সফল হলেন। সুসময় চাকমা এখন তামাক চাষের কুফল সম্পর্কে কৃষকদের সচেতন করছেন।
ত্রিশ শতক জমিতে দেশি বেগুন চাষ করে প্রতি সপ্তাহে বিক্রি করছেন ৪ শ কেজি বেগুন। ব্যবসায়ীরা খেত থেকেই বেগুন কিনে নিয়ে যান।
সুসময় চাকমা বলেন, ‘লাভের আশায় তামাক চাষ করতাম। কিন্তু তামাক চাষ যে এত বেশি ক্ষতিকারক তা জানতাম না। জানার পর নিজে তামাক চাষ ছেড়ে বেগুন চাষ করে লোকজনকে সচেতন করার চেষ্টা করছি। বিভিন্ন সভা-সমাবেশে তামাকের বিকল্প হিসেবে বেগুনসহ শাকসবজি চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করছি।’
সুসময় চাকমা জানান, তিনি ত্রিশ শতক জমিতে দেশি বেগুনের চাষ করেছেন। খরচ হয়েছে মাত্র ১৫ হাজার টাকা। ভাদ্র মাসে বেগুনের চারা রোপণ করা হয়েছিল। কার্তিক মাসের ১৫ তারিখ থেকে বেগুন তোলা শুরু করেছেন। এখন পর্যন্ত ৩৬ হাজার টাকার বেগুন বিক্রি হয়েছে। আরও ৩৫ হাজার টাকার মত বেগুন বিক্রি হবে।
সরেজমিনে গত শুক্রবার উপজেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে কার্বারি টিলা এলাকায় গিয়ে দেখা যায়, সুসময় চাকমার স্ত্রী ননী পুতুল চাকমা খেত থেকে বেগুন তুলছেন। ননী পুতুল চাকমা বলেন, ‘তামাকের গন্ধ খুব খারাপ লাগত। তামাক চাষ বন্ধ করায় ভালো লাগছে।’
পুকুরঘাট এলাকার ব্যবসায়ী প্রকৃতি রঞ্জন চাকমা বলেন, প্রতি শুক্র ও সোমবার বিকেলে গিয়ে সুসময়ের খেত থেকে প্রতি কেজি বেগুন ৬০ টাকা দরে কিনে আনেন। স্থানীয় বাজারে নিয়ে প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি করে। সুসময়ের খেতের বেগুনের আকারও খুব ভালো।
কার্বারি টিলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বিজয় চাকমা প্রথম আলোকে বলেন, ‘তামাকে সাময়িক লাভ হলেও স্বাস্থ্য এবং জমির উর্বরতার জন্য খুবই ক্ষতিকারক। সুসময় চাকমার উদাহরণ টেনে তামাক চাষিদের বোঝাতে চেষ্টা করছি।’