তামাক ছেড়ে সবজি চাষে কৃষকের বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার এক ওয়াগ্গাছড়ার পাশে প্রায় ১০০ একর নিচু জমি। অন্তত ২০ বছর ধরে এ জমিতে তামাকের আবাদ করা হচ্ছিল। স্থানীয় কৃষকেরা সেখানে অন্য কোনো শস্য ফলানোর কথা কল্পনাও করতে পারতেন না। এবার মো. কামাল উদ্দিন নামের এক বর্গাচাষি ওই এলাকার ১৯ একর জমিতে নানা ধরনের সবজির চাষ করে বাজিমাত করেছেন। নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন তিনি। তামাক চাষের গ্লানি থেকে নিজেকে মুক্ত করেছেন। বর্গাচাষি কামাল প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে তামাক চাষ করায় ওই জমির উর্বরাশক্তি কমে গিয়েছিল। কিন্তু কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী, তিনি ওই জমি সবজি চাষের উপযোগী করে তোলেন। এরপর সেখানে বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, মরিচ, আলু, ফরাস শিম, দেশি শিমসহ নানা সবজির আবাদ করেন। এতে সব মিলিয়ে তাঁর অন্তত সাড়ে তিন লাখ টাকা খরচ হয়। ইতিমধ্যে সবজি বিক্রি করে খরচের টাকা উঠে গেছে তাঁর। খেতে এখনো অন্তত তিন থেকে সাড়ে তিন লাখ টাকার সবজি আছে। স্থানীয় বরইছড়ি, লিচুবাগান, দোভাষী বাজার, রওয়াজারহাটসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এসে পাইকারি দরে তাঁর সবজি কিনে নেন। বর্গাচাষি কামাল আশা করছেন, এবার কমপক্ষে তিন লাখ টাকা লাভ হবে। এরপর তিনি তরমুজের আবাদ করবেন। এ সফল চাষির বাড়ি উপজেলার ওয়াগ্গা এলাকায়। স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁর সংসার।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে অন্যদের মতো তিনিও তামাক চাষ করতেন। কিন্তু তামাকের নেতিবাচক প্রভাবের বিষয়ে গণমাধ্যমে নানা প্রচারণা চালানো হতো। নানা প্রশ্নের সম্মুখীন হতেন তিনি। বিব্রতবোধ করতেন। প্রশাসনের কাছে জবাবদিহি তো ছিলই। তামাক চাষ করে কিছু টাকার মুখ দেখতেন ঠিকই, কিন্তু আত্মগ্লানিতে ভুগতেন। এখন আর সেই গ্লানি নেই। তিনি বুক ফুলিয়ে বলতে পারছেন, সবজি চাষ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুজ্জামান বলেন, বছরের পর বছর ধরে ওয়াগ্গাছড়াসংলগ্ন ওই জমিতে তামাকের চাষ হতো। তামাকের কুফল সম্পর্কে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করা হচ্ছে। তামাকের বদলে ওই জমিতে সবজিসহ অন্যান্য ফসল ফলানোর জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে সারা বছর কোনো না কোনো শস্যের আবাদ করতে পারেন, সেই পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, বর্গাচাষি কামাল এ এলাকায় এবারই প্রথম শীতকালীন সবজি চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। তাঁর এ সাফল্য দেখে অন্য চাষিরাও সবজি চাষে এগিয়ে আসবেন। ওই এলাকার আরও অন্তত ৮১ একর জমি পোড়ো অবস্থায় রয়েছে। এ জমিতে সবজিসহ অন্যান্য ফসল ফলানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।