তামাক থেকে আয়ের চেয়ে ক্ষতি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো থেকে প্রতিবছর সরকারের যে রাজস্ব আদায় হচ্ছে, পরোক্ষভাবে তার চেয়ে বেশি খরচ হচ্ছে তামাকজনিত রোগে আক্রান্ত লোকদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য। তামাক সেবনের কারণে ক্ষতিকর প্রভাব পড়ছে জিডিপিতেও।
তামাক ব্যবহারে মানুষকে নিরুৎসাহিত করতে আগামী বাজেটে সব ধরনের তামাকপণ্যের ওপর একই হারে উচ্চ মাত্রায় কর আরোপের দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে সিগারেট থেকে ৯ হাজার ৯৩০ দশমিক ৮৯ কোটি টাকা ও বিড়ি থেকে ২৩০ দশমিক ৬৪ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়। আর ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আদায় হয় সিগারেট থেকে ১২ হাজার ২৬৭ দশমিক শূন্য ৩ কোটি টাকা ও বিড়ি থেকে ২৭৭ দশমিক ৯৭ কোটি টাকা। তামাক খাতে সবচেয়ে বেশি রাজস্ব দেওয়া বহুজাতিক তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো জানায়, ২০১৩-১৪ অর্থবছরে তারা বাংলাদেশ সরকারের কোষাগারে রাজস্ব দিয়েছে ৯ হাজার ৯৩২ কোটি টাকা। আর ২০১৪-১৫ অর্থবছরে তারা রাজস্ব দেয় ১১ হাজার ৫১ কোটি টাকা।

>যুক্তরাষ্ট্রের আইএইচএমইর ২০১৩ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে মারা যায় ৯৫ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করে আরও কয়েক লাখ। এসব ক্ষেত্রে রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য খরচ তামাক খাত থেকে পাওয়া রাজস্বের অনেক বেশি

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল সেলের (এনটিসিসি) দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের (আইএইচএমই) ২০১৩ সালে করা একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতিবছর তামাকজনিত রোগে মারা যায় ৯৫ হাজার মানুষ। পঙ্গুত্ব বরণ করে আরও কয়েক লাখ। এসব ক্ষেত্রে রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য খরচ তামাক খাত থেকে পাওয়া রাজস্বের অনেক বেশি।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালে করা এক গবেষণার তথ্য অনুযায়ী, প্রতিবছর বাংলাদেশের ১২ লাখ মানুষ তামাক ব্যবহারজনিত নানা ধরনের দুরারোগ্য ব্যাধি যেমন বিভিন্ন ধরনের ক্যানসার, হৃদ্রোগ, স্ট্রোক, যক্ষ্মা, প্যারালাইসিস, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টসহ প্রধান আটটি রোগে আক্রান্ত হয়। এর ফলে রোগীর চিকিৎসা, অকালমৃত্যু, পঙ্গুত্বের কারণে বছরে দেশের অর্থনীতিতে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়। তামাক ব্যবহারের ফলে দেশের অর্থনীতিতে বছরে নিট ক্ষতির পরিমাণ ওই সময় অনুযায়ী ২ হাজার ৬০০ কোটি টাকা। প্রতিবছর সিগারেট ক্রয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশ ও বিড়ি ক্রয়ে শূন্য দশমিক ৪ শতাংশ ব্যয় হয়। বর্তমানে এই ক্ষতির পরিমাণ স্বাভাবিকভাবেই অনেক বেড়েছে।
এনটিসিসির সমন্বয়ক মুহাম্মদ রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, তামাক খাত থেকে যে রাজস্ব পাওয়া যায়, তার চেয়ে অনেক বেশি ব্যয় হয় স্বাস্থ্য খাতে। একটি পরিবারের কেউ ক্যানসারে আক্রান্ত হলে তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ করতে হয়। আর কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন তামাকের কারণে মারা যান বা রোগাক্রান্ত হন, তখন সেই পরিবারের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভেঙে পড়ে। অনেক ক্ষেত্রে ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যায়। এই ক্ষতি হিসাবের বাইরে।
দেশে সর্বাধিক তামাক চাষ হওয়া জেলাগুলোর মধ্যে নীলফামারী অন্যতম। স্বাস্থ্য খাতে আর্থিক ক্ষতির বিষয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ও নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, তামাক সেবনের কারণে একজন নিম্ন আয়ের মানুষের আয়ের একটি বড় অংশ ব্যয় হয় তামাক ক্রয়ের পেছনে। এখানকার মানুষ ডিম, কলা বিক্রি করে তামাক কিনছে। এই বোঝা অর্থনীতির ওপর গিয়ে পড়ছে।
স্বাস্থ্য খাতে তামাকের ক্ষতিকর প্রভাব কমাতে করণীয় কী—এমন প্রশ্নের জবাবে অর্থনীতিবিদ আবুল বারকাত প্রথম আলোকে বলেন, সিগারেটের যে মূল্যস্তর পদ্ধতি আছে, সেটা আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে তুলে দিতে হবে। ‘ডিউটি ফ্রি’ নিষিদ্ধ করতে হবে। তামাক কোম্পানিতে যাঁরা কর্মরত আছেন, তাঁদের করপোরেট ট্যাক্স আরও ৫ শতাংশ বাড়াতে হবে। তামাকপণ্য রপ্তানির ওপর উচ্চ হারে রপ্তানি শুল্ক আরোপ করতে হবে।