তামাক থেকে নারীদের মুক্ত রাখার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, তামাকবিরোধী গণসংগীতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা নারীদের তামাক থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা: আধুনিক এবং অধিকার ফাউন্ডেশন, কুমিল্লার উদ্যোগে সকালে শহরের দারোগাবাড়ি এলাকায় আলোচনা সভা হয়। আধুনিক, কুমিল্লার সভাপতি ইকবাল আনোয়ারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার যুগ্ম আহ্বায়ক শাহ মো. আলমগীর খান; অধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলী আকবর মাসুম; নারীনেত্রী দিলনাশি মোহসেন। আলোচনা সভায় বক্তারা নারীদের তামাক থেকে মুক্ত রাখার অঙ্গীকার করেন।ফরিদপুর: সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় নারী উন্নয়ন ফোরামের (নাফ) প্রশিক্ষণ কেন্দ্রে নাফ ও এসো ভবিষ্যৎ গড়ির (এভিভি) যৌথ উদ্যোগে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন নাফের নির্বাহী সদস্য এম এ হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন আজহারুল ইসলাম, এম এ জলিল, তৌফিক হোসেন প্রমুখ।চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন লোকমান হেকিমের সভাপতিত্বে সেমিনার হয়।পটুয়াখালী: সিভিল সার্জন অফিস চত্বর থেকে সকাল নয়টায় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা হয়। সিভিল সার্জন শাহ আলম শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক। গোয়ালন্দ (রাজবাড়ী): সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সিভিল সার্জন সাঈদুর রহমান, বিএমএর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, এনজিও প্রতিনিধি আবদুস সাত্তার প্রমুখ। আমতলী (বরগুনা): সকালে আমতলী শহরের একে স্কুল মোড়, চৌমাথা ও বটতলা এলাকায় বেসরকারি সংস্থা এনএসএসের সাংস্কৃতিক দল তামাকবিরোধী গণসংগীত পরিবেশন করে। বেলা তিনটায় এনএসএস মিলনায়তনে আলোচনা সভা হয়।