জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান গোলাম হোসেন বলেছেন, তামাককে নিরুৎসাহিত করার জন্য রাজনীতিবিদদের শক্ত হতে হবে। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁও হোটেলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন৷ গোলাম হোসেন এ প্রসঙ্গে বলেন, এলাকার মানুষ বেকার হবে এ যুক্তি দেখিয়ে প্রায় ৯০ জন সাংসদ তামাকের ওপর কর না বাড়াতে লিখিতভাবে অনুরোধ করেছেন৷
এনবিআর চেয়ারম্যান বলেন, বিড়ি কখনো শিল্প হতে পারে না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশে বিড়িকে শিল্প গণ্য করে বাণিজ্য চলছে৷ প্রতিবছরই তামাকের ওপর কর বাড়ানোর চেষ্টা করা হয় উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে রাজনীতিকদের কঠোর হতে হবে৷
জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, তামাক ব্যবহারের পরিণতি হিসেবে প্রতিবছর বাংলাদেশে ৩০ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার লোক মারা যান৷ তিনি তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির পাশাপাশি কর বৃদ্ধির বিষয়ে একটি নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন৷
তামাক ও মাদকবিরোধী সংগঠন মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসক অরুপ রতন চৌধুরী বাজেটে বিড়ি-সিগারেটসহ সব তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর দাবি জানান৷ তিনি বলেন, ‘বিশ্বে সবচেয়ে কম মূল্যে তামাক পাওয়া যায় বাংলাদেশে। এ দেশে এক টাকায় তিনটি বিড়ি পাওয়া যায়, অথচ এত সস্তায় একটা কলা পাওয়া যায় না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তামাক নিরুৎসাহিত করতে গণমাধ্যম বিজ্ঞাপন প্রচার করে না।সমাজের ক্ষতির দিক বিবেচনা করে তামাকের ওপর কর বৃদ্ধি করা উচিত। এতে করে সরকারের রাজস্ব আয় বাড়বে, ভর্তুকি কমবে স্বাস্থ্য ও পরিবেশ খাতে।