তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি আত্মার
জনস্বাস্থ্যের সুরক্ষায় অবিলম্বে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা)। সংগঠনটি আরও বলেছে, দেশে প্রায় ৪ কোটি প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করেন।
আজ বুধবার সকালে এক ভার্চ্যুয়াল সভায় এই দাবি জানায় সংগঠনটি। এ সময় জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর ১ লাখ ৬১ হাজার মানুষ তামাকজনিত রোগে মারা যায়। আর তামাকের কারণে পঙ্গুত্ব বরণ করে আরও কয়েক লাখ মানুষ। দেশে এখন প্রায় ৪ কোটি প্রাপ্তবয়স্ক লোক তামাক ব্যবহার করেন, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই সংশোধনীর মাধ্যমে বর্তমান তামাক নিয়ন্ত্রণ আইনটি যুগোপযোগী করতে হবে।
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীতে অন্তর্ভুক্ত করার জন্য সভায় আত্মার পক্ষ থেকে ছয়টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো সব উন্মুক্ত জায়গা, কর্মক্ষেত্র ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা, তামাকজাত পণ্য বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ করা, তামাকজাত পণ্যের প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ করা, বিড়ি-সিগারেটের খুচরা শলাকা এবং প্যাকেটহীন জর্দা-গুল বিক্রয় নিষিদ্ধ করা, ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টসহ (এইচটিপি) সব ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট আমদানি ও বিক্রয় নিষিদ্ধ করা এবং তামাকপণ্য মোড়কজাতকরণে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তার আকার বাড়ানোর বিধিনিষেধ দেওয়া।
আত্মার কো-কনভেনর নাদিরা কিরনের সঞ্চালনায় ভার্চ্যুয়াল সভায় আত্মার কার্যক্রম তুলে ধরেন আরেক কো-কনভেনর মিজান চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন দেশ টিভির এডিটর সুকান্ত গুপ্ত, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, আত্মার কনভেনর মর্তুজা হায়দার, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের প্রমুখ।