তামাক নিয়ন্ত্রণে তামাক কোম্পানিই বড় বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক কোম্পানির হস্তক্ষেপ নিয়ে গবেষণা ফলাফল অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত
তামাক কোম্পানির হস্তক্ষেপ নিয়ে গবেষণা ফলাফল অনুষ্ঠানে অতিথিরা। ছবি: সংগৃহীত

তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে তামাক কোম্পানির হস্তক্ষেপ বড় বাধা হিসেবে কাজ করছে। তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোবাকো কন্ট্রোলের (এফসিটিসি) অনুচ্ছেদ ৫.৩ নির্দেশনাবলি বাস্তবায়নে অগ্রগতি সন্তোষজনক নয় বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। 

আজ বুধবার সকালে রাজধানীর সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক: এফসিটিসি আর্টিকেল ৫.৩ বাস্তবায়ন প্রতিবেদন, বাংলাদেশ ২০১৮’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) যৌথভাবে এই গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠান আয়োজন করে। প্রজ্ঞা ২০১৬ ও ২০১৭ সালের বিভিন্ন তথ্য-উপাত্ত নিয়ে এ গবেষণা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘গবেষণায় আজ যে তথ্য-উপাত্ত পাওয়া গেল, তা আমাদের ভবিষ্যৎ তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপ গ্রহণে কাজে লাগবে।’ তামাক পণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে আগামী বাজেটে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
প্রজ্ঞার সমন্বয়ক হাসান শাহরিয়ার গবেষণার ফলাফল তুলে ধরেন। সেখানে বলা হয়, বাংলাদেশ সরকার ২০০৮ সালে এফসিটিসি অনুচ্ছেদ ৫.৩ সংক্রান্ত গাইডলাইন গ্রহণ করলেও এ-সংক্রান্ত কোনো নীতিমালা প্রণয়ন করেনি। উল্লেখ্য, অনুচ্ছেদ ৫.৩-এ বলা হয়েছে, একটি দেশের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং নীতিসমূহ তামাক কোম্পানির ব্যবসায়িক ও অন্যান্য স্বার্থের হস্তক্ষেপমুক্ত হতে হবে।
তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচকে এশিয়ার ১০টি দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ব্রুনাই। এবং সবচেয়ে খারাপ অবস্থান হচ্ছে ইন্দোনেশিয়ার। গবেষণার ফলাফলে দেখা যায়, তামাক কর-সংক্রান্ত নীতি প্রণয়ন প্রক্রিয়ায় তামাক কোম্পানির অংশগ্রহণ থাকে। তামাক কোম্পানির দাবি অনুযায়ী মোড়কের নিচের অংশে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের অনুমতি দেওয়া হয়েছে। সরকারের হাতে একটি তামাক কোম্পানির শেয়ার থাকায় একই সঙ্গে তামাক কোম্পানির ব্যবসা সম্প্রসারণ এবং তামাক নিয়ন্ত্রণে অবদান রাখার ক্ষেত্রে সরকারের অবস্থান পরস্পরবিরোধী। এ ছাড়া তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ রয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি সাংসদ সাবের হোসেন চৌধুরী গবেষণা ফলাফলে বাংলাদেশের দুর্বল অবস্থানের জন্য বহুজাতিক একটি তামাক কোম্পানিতে সরকারের শেয়ার থাকাকে দায়ী করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘গবেষণায় আর্টিকেল ৫.৩-এর আলোকে সরকারি কর্মকর্তাদের জন্য কোড-অব-কন্ডাক্ট তৈরি করার যে সুপারিশ এসেছে, সেটি আমাদের এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসের (সিটিএফকে) গ্রান্টস ম্যানেজার মাহফুজুর রহমান ভূঞা প্রমুখ।