তামাক পোড়াতে বনের গাছ কেটে ১৬ হাজার চুল্লি!
কক্সবাজার ও বান্দরবানে চাষ করা প্রায় ৪৫ হাজার একর জমির তামাকপাতা পোড়াতে চুল্লি তৈরির হিড়িক পড়েছে। সংরক্ষিত বনের গাছ কেটে তৈরি হচ্ছে এসব চুল্লি। কিছু চুল্লিতে তামাক পোড়ানো শুরু হয়েছে। এপ্রিল পর্যন্ত চুল্লিতে চলবে তামাক পোড়ানোর কাজ। এতে বনাঞ্চল ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর কক্সবাজার ও বান্দরবানের ১১টি উপজেলায় প্রায় ৩০ হাজার একর জমিতে তামাকের চাষ হয়েছিল। আর চলতি বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার একরে। এর মধ্যে সরকারি জমি রয়েছে অন্তত ১৮ হাজার একর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার অঞ্চলের উপপরিচালক অটল চন্দ্র বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করে জানান, তামাকজাত পণ্য তৈরির দেশি-বিদেশি ১৪টি কোম্পানি ও পাঁচ-ছয়টি বেসরকারি সংস্থা (এনজিও) চাষিদের নগদ টাকা দিয়ে তামাক চাষে উৎসাহিত করছে। আর এখন তামাক পোড়ানো হচ্ছে বনের গাছ দিয়ে।কক্সবাজার শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ফুলেশ্বরী নদী। তিন যুগ ধরে এ নদীর দুই তীরে প্রায় ৩০ একর জমিতে একসনা ইজারা নিয়ে তিন শতাধিক ভূমিহীন পরিবার ধান, মরিচ, শসা, আলু, বাদাম, শিম, ঢ্যাঁড়সসহ বিভিন্ন শাকসবজির চাষ করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু চার বছর ধরে এ জমিতে চাষ হচ্ছে তামাক। এ কারণে ভূমিহীন চাষি পরিবারগুলো বেকার হয়ে পড়েছে। একইভাবে চকরিয়া, লামা, আলিকদম, রামু, নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাতামুহুরি, বাঁকখালী নদীসহ বিভিন্ন পাহাড়ের পতিত জমিতে তামাকের আগ্রাসন চলছে।ঈদগাঁও গ্রামের চাষি অছিউর রহমান (৫১) জানান, তামাক চাষে নগদ টাকার প্রয়োজন হয় না। সার, বীজ, কীটনাশকও কোম্পানিগুলো ঘরে এসে দিয়ে যায়। উৎপাদিত তামাক কত টাকায় বিক্রি হবে, তাও অগ্রিম জানিয়ে দেয়। কিন্তু অন্যান্য ফসলের ক্ষেত্রে চাষিদের অর্থ, সার ও কীটনাশক সংকটে পড়তে হয়। উৎপাদিত ধান বা ফসল বিক্রি করে লাভের মুখ দেখা যায় না। ফলে চাষিরা তামাক চাষের দিকে ঝুঁকছেন। কক্সবাজার ও বান্দরবানে সাত বছর ধরে তামাকের বিরুদ্ধে চাষিদের সচেতনতামূলক কাজ করছে এনজিও ‘একলাব’। সংস্থাটির এক জরিপে দেখা গেছে, গত বছর প্রায় ৩০ হাজার একর জমিতে উৎপাদিত তামাক পোড়াতে চুল্লি তৈরি করা হয়েছিল ১৩ হাজার ৯৮৮টি। আর এবার ৪৫ হাজার একরের জন্য চুল্লি তৈরি হবে ছোটবড় প্রায় ১৬ হাজার।অনুসন্ধানে জানা যায়, একটি চুল্লি তৈরিতে বড় ধরনের ছয় থেকে আটটি গাছ লাগে। প্রতিটি চুল্লিতে গড়ে সাতটি করে ধরলে ১৬ হাজার চুল্লি তৈরি করতে লাগে এক লাখ ১২ হাজার গাছ। আবার প্রতিটি চুল্লিতে জ্বালানি কাঠের প্রয়োজন হয় প্রায় ৬০০ মণ করে। সে হিসাবে ১৬ হাজার চুল্লিতে লাগে ৯৬ লাখ মণ কাঠ। এসব গাছ ও কাঠের সিংহভাগ জোগান আসে স্থানীয় সংরক্ষিত বনাঞ্চল থেকেই।কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবুল মনসুর চৌধুরী জানান, তামাক-চুল্লির জন্য সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, যাঁরা সরকারি জমি তামাক চাষিদের হাতে তুলে দিয়েছেন, তাঁদের তালিকা তৈরি করে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি কার্যালয়ের কতিপয় তহশিলদার ও বনকর্মীরা এর সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি জানান, ইতিমধ্যে চকরিয়ায় ৫০০ একর সরকারি জমি থেকে তামাক উপড়ে ফেলা হয়েছে। আগামী মৌসুম থেকে সরকারি জমিতে কাউকে তামাক চাষ করতে দেওয়া হবে না।