রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সাত মেয়র পদপ্রার্থীর মধ্যে ছয়জনই পেশায় তামাক ব্যবসায়ী। প্রার্থীদের দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।জানা গেছে, মেয়র পদপ্রার্থী মো. জামিল আকতার তাঁর শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন ‘অক্ষরজ্ঞান’। পেশায় তিনি তামাক ব্যবসায়ী। ফৌজদারি মামলায় অভিযুক্ত এই প্রার্থীর বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে একটি মামলা ছিল, যা পরে খারিজ হয়ে যায়।মেয়র পদপ্রার্থী এরশাদুল হক পেশার বিবরণীতে উল্লেখ করেছেন, তিনি স্নাতকোত্তীর্ণ এবং একজন ক্ষুদ্র তামাক ব্যবসায়ী। সাদাকাত হোসেন বলেছেন, তিনিও তামাক ও বিড়ির ব্যবসায়ী। আদালতে তাঁর বিরুদ্ধে একটি মামলা তদন্তাধীন রয়েছে। তিনি এসএসসি পাস।প্রার্থীদের হলফনামা থেকে আরও জানা গেছে, মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তামাক কেনাবেচা তাঁর পেশা। উত্তরা ব্যাংক রংপুর শাখায় তাঁর ঋণ রয়েছে তিন লাখ টাকা। মেয়র পদপ্রার্থী মোনায়েম হোসেন এসএসসি পাস। তিনি তামাক ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। একই পদের প্রার্থী সাইফুল হক অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে তাঁর দুটি মামলা বিচারাধীন। তিনিও তামাক ব্যবসার সঙ্গে জড়িত। সাত মেয়র পদপ্রার্থীর মধ্যে শুধু শামিউল আলম বেসরকারি চাকরিজীবী। তিনি স্নাতক (পাস কোর্স) পাস।এসব প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন তিনজন। তাঁদের মধ্যে জামিল আকতার হারাগাছ পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক। এরশাদুল হক পৌর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। শামিউল আলম ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত দুই মেয়র পদপ্রার্থীর একজন হলেন সাইফুল ইসলাম। তিনি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্যজন নজরুল ইসলাম, তিনি পৌর বিএনপির সদস্য। মোনায়েম হোসেন সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি রহিম উদ্দিন ভরসার নিকটাত্মীয়। অন্যদিকে, জাতীয় পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কেউ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দলটির নেতা-কর্মীরা সাদাকাত হোসেনের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে। কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এ টি এম সেলিম জানান, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।