তামাকজাতদ্রব্য ব্যবহারে মহিলাদের হূদরোগের ঝুঁকি দ্বিগুণ থাকে। জন্মনিয়ন্ত্রণ বড়ি সেবন করছেন এমন মহিলাদের এ ঝুঁকি ১০ গুণ। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।কাল সোমবার ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পুরুষ-মহিলা বিশেষ করে মহিলাদের ওপর তামাকজাতদ্রব্য বাজারজাতকরণের প্রভাব’।সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে মানসের সভাপতি ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অরুপ রতন চৌধুরী বলেন, দেশের ৪৩ শতাংশ মানুষ ধূমপান করে। তামাক ব্যবহারের কারণে মহিলাদের মধ্যে ডায়াবেটিস, ফুসফুসে ক্যানসার ও গ্যাংগ্রিনসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়।অরুপ রতন বলেন, ধূমপানের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিবছর দেশে ৫৭ হাজার লোক মারা যায়। পঙ্গু হয় তিন লাখ ৮২ হাজার মানুষ। ধূমপানের কারণে ১২ লাখ মানুষ অন্তত আটটি রোগে আক্রান্ত হয়। এসব রোগের চিকিৎসার জন্য বছরে প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয় হয়।চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, মানসের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ হোসনে আরা ও নির্বাহী সদস্য মাসুমা আক্তার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।