তামাকখেতে সেচের জন্য পানি সরবরাহ লাইন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে তামাকচাষিরা পানি সরবরাহ লাইন বন্ধ করে দিয়ে তামাকখেতে সেচ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আলীকদম উপজাতীয় আবাসিক বিদ্যালয় ও রেফারফাঁড়ি এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় দুই মাস ধরে পানি না পেয়ে সেখানকার লোকজন নদী-পুকুর ও ডোবার দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আবাসিক বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, পানির সরবরাহ না থাকায় প্রায় ২০০ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী দুর্ভোগে পড়েছেন। শৌচাগারগুলো থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে সেখানকার পরিবেশ দুর্বিষহ হয়ে উঠেছে। রেফারফাঁড়ি পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উনুমং মারমা বলেন, শীলবনিয়া ছড়া থেকে পাইপের মাধ্যমে আবাসিক বিদ্যালয় ও রেফারফাঁড়ি এলাকায় পানি সরবরাহ করা হয়। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে তামাকচাষিরা সরবরাহ লাইন বন্ধ করে দিয়ে সেচকাজে পানি দিচ্ছেন। বারবার বাধা দেওয়া সত্ত্বেও তাঁরা কোনো কথা শুনছেন না। গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, রেফারফাঁড়ি ও শীলবনিয়াপাড়া এলাকায় বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাকখেত। পাহাড় থেকে নেমে আসা বেশির ভাগ ছড়া, ঝিরি ও ঝরনা শুকিয়ে গেছে। কয়েকটি ছড়া ও ঝরনায় ক্ষীণ ধারায় পানি দেখা গেলেও তা তামাক চাষের জন্য ব্যবহার করা হচ্ছে। শীলবনিয়াপাড়ার আবদুল কাদেরসহ কয়েকজন তামাকচাষি শীলবনিয়া ছড়া থেকে তামাকখেতে সেচ দেওয়ার কথা স্বীকার করলেও তাঁরা সরবরাহ লাইন বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, শীলবনিয়া ছড়ায় পানিপ্রবাহ কমে যাওয়ায় এলাকার লোকজন পানি পাচ্ছে না। এ ব্যাপারে তামাক কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। উপজাতীয় আবাসিক বিদ্যালয়ে দেখা যায়, পানির তীব্র সংকটের কারণে শৌচাগারে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। সেখানে কয়েকটি পাতকুয়া রয়েছে। কিন্তু কয়েক বালতি পানি তোলার পর আর পাওয়া যায় না। শিক্ষক-শিক্ষার্থীরা জানান, যেটুকু পানি পাওয়া যায় তা শিক্ষিকা ও ছাত্রীদের ব্যবহারের জন্য রাখা হয়। ছাত্র ও শিক্ষকেরা দুই কিলোমিটার দূরে মাতামুহুরী নদীতে গোসল করেন। রেফারফাঁড়ির বাজারের ব্যবসায়ী রোকেয়া বেগম ও কাউসার ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি সরবরাহ না পেয়ে তাঁরা নদী-পুকুর ও ডোবার দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, তামাক চাষের জন্য পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আবাসিক বিদ্যালয় ও এলাকার লোকজন বিষয়টি আরও আগে না জানানোয় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।