নদী ও ছড়ার পাড়ের তামাকখেত থেকে তুলে নেওয়া হয়েছে পাতা। কিন্তু খেতে রয়ে গেছে গাছ ও অপরিপক্ব পাতা। বৃষ্টি হলে তামাকখেত থেকে পানি গড়িয়ে গিয়ে পড়ে নদী ও ছড়ায়। এ চিত্র খাগড়াছড়ির দীঘিনালার বিভিন্ন এলাকার।
চিকিৎসকেরা বলছেন, তামাকপাতা ধোয়া পানি মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।
সরেজমিনে উপজেলার রাঙাপানি ছড়া, নাগিনী ছড়া, সুপারিবাগান, মেরুং, বেতছড়ি, মধ্য বেতছড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাইনী নদী, বোয়ালখালী ছড়া, বড় মেরুং ছড়া, নাগিনী ছড়া, মেরুং ছড়া, পাবলাখালী ছড়ার পাড়ে তামাক চাষ করা হয়। খেত থেকে পাতা তুলে নেওয়ার পর তামাকগাছ ও অপরিপক্ব পাতা রয়ে গেছে। এসব পাতা রোদে শুকিয়ে গেছে।
নাগিনী ছড়া এলাকার মৃণাল কান্তি ত্রিপুরা বলেন, বৃষ্টি হলে তামাকগাছ ও পাতা ধোয়া পানি ছড়ায় গিয়ে পড়ছে।
খাগড়াছড়ির পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী বলেন, তামাকগাছ আর তামাকপাতা ধোয়া পানি নদী ও ছড়ায় পড়লে কীটপতঙ্গ মারা যাবে। বিষয়টি নিয়ে সচেতনতা সৃষ্টির প্রয়োজন।
উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা বলেন, তামাকখেতে শক্তিশালী কীটনাশক ব্যবহার করা হয়। তামাকগাছ ও পাতা ধোয়া পানি নদী ও ছড়ায় পড়লে মাছের প্রজনন বাধাগ্রস্ত হবে। ছোট ছোট মাছ মারা যাবে। মাছের রেণু একেবারেই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রকি দাশগুপ্ত বলেন, ভেজা তামাকপাতার স্পর্শে চর্মরোগ হতে পারে। তামাকগাছ ও পাতা ধোয়া পানি ছড়া কিংবা নদীতে পড়ার পর সেখানকার পানি পান করলে ডায়রিয়া হবে। কোনো গর্ভবতী নারী ওই পানি পান করলে সন্তানের বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা আছে। শিশুরা পান করলে তাদের মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া ক্যানসারের ঝুঁকিও আছে।