তামাকচুল্লি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বেশি
বৃহত্তর কুষ্টিয়ায় (মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া) চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬২৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ ঘটনার ক্ষেত্রেই আগুনের সূত্রপাত ঘটেছে গ্রাম এলাকার তামাকচুল্লি ও পানের বরজের পাটকাঠির বেড়া থেকে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা বলছেন, গ্রামগঞ্জের জনসাধারণের মধ্যে সচেতনতা না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে।কুষ্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে জানা গেছে, বৃহত্তর কুষ্টিয়ায় চলতি বছরের জানুয়ারিতে ১১২টি, ফেব্রুয়ারিতে ১২৩ ও মার্চে ৩১০টি আগুন লাগার ঘটনা ঘটে। এপ্রিলের প্রথম সপ্তাহে ১২৮টি অগিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ৯ মার্চ মিরপুর উপজেলার পাহাড়পুর ও আমকাঁঠালিয়া গ্রামে তামাকের চুল্লিতে আগুন লাগে। এ ছাড়া ২৪ মার্চ একই উপজেলার ছাতিয়ান, পাহাড়পুর, ধুবইল ও চিথলিয়া গ্রামে তামাকের চুল্লিতে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। এসব জায়গায় ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ৪ মার্চ ভেড়ামার রতনদিয়া, ১৮ মার্চ দৌলতপুরের মথুরাপুর, ১৯ মার্চ ভেড়ামারার বাহাদুরপুর, ২৩ মার্চ চককৃষণপুর, ২৪ মার্চ মাহাদেব ও ২৭ মার্চ মেঘনাপাড়ায় পানের বরজে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।খোঁজ নিয়ে জানা গেছে, দেশের মধ্যে বৃহত্তর কুষ্টিয়ায় তামাকের আবাদ হয় সবচেয়ে বেশি। এসব তামাক পোড়াতে চুল্লি তৈরি করা হয়। এ ছাড়া এ অঞ্চলে প্রচুর পানের বরজ রয়েছে। পানের বরজের বেড়া তৈরির প্রধান উপকরণ হচ্ছে পাঠকাঠি।সরেজমিনে জানা গেছে, তামাক পোড়ানোর জন্য বাড়ির উঠানে বা বসতবাড়ির পাশেই চুল্লি তৈরি করা হয়। ফলে আগুন লাগলে তা দ্রুত বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এ ছাড়া তামাকচুল্লির আগুনের ছাই বাড়ির পাশেই ফেলে রাখা হয়। দাবদাহে এসব ছাই থেকেও আগুন লেগে যায়। গ্রীষ্মে দাবদাহে এসব বরজের পাটকাঠির বেড়া গরম হয়ে থাকে। এসব বেড়াসংলগ্ন এলাকা দিয়ে যাওয়ার পথে বিড়ি-সিগারেটের আগুন যেখানে-সেখানে ফেলার কারণে প্রায়ই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানের বরজ ও তামাকচুল্লিতে আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে না যেতেই সব পুড়ে ছাই হয়ে যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক নুর হাসান আহমেদ জানান, অসাবধানতা ও সচেতনতার জন্য আগুনের ভয়াবহতা দিনে দিনে বেড়ে চলেছে। আগুন প্রতিরোধে জনগণকেই এগিয়ে আসতে হবে।