তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হবে বেলা ১১টায়, ওসমানী স্মৃতি মিলনায়তনে।গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানান।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া তামাকের কারণে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করার জন্য তামাকজাত পণ্যের ওপর ২ শতাংশ স্বাস্থ্যকর আরোপেরও অনুরোধ করা হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০০৯ সালে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে ১৫ বছরের বেশি বয়স্ক জনগোষ্ঠীর ৪৩ দশমিক ৩ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে। শতকরা ২৩ ভাগ ধোঁয়াযুক্ত ও ২৭ দশমিক ২ ভাগ মানুষ ধোঁয়াহীন তামাক ব্যবহার করে। উদ্বেগের বিষয় হলো, শতকরা ৬৩ ভাগ লোক কর্মক্ষেত্রে পরোক্ষ ধূমপানের শিকার হন। তামাকের কুফল সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন মন্ত্রী। পরে তিনি তামাকবিরোধী একটি প্রচারাভিযানের উদ্বোধন করেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এ উপলক্ষে বেসরকারি সংগঠনগুলোও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। আর্টজোন নামের একটি সংগঠন আজ সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ফ্রুটফিল অ্যান্টি স্মোকিং পারফরম্যান্স আর্ট’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়া আজ পর্যায়ক্রমে ব্র্যাক, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসেও একই ধরনের অনুষ্ঠান হবে।