তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামাক ব্যবহারের প্রত্যক্ষ ক্ষতিকর দিক হিসেবে বাংলাদেশে প্রতিবছর ৩০ বছরের বেশি বয়সের জনগোষ্ঠীর মধ্যে ৫৭ হাজার মানুষ মারা যায়। এ ছাড়া তামাকজনিত রোগে প্রতিবছর আক্রান্ত হচ্ছে প্রায় ১২ লাখ মানুষ। এসব রোগের চিকিৎসা, অকালমৃত্যু ও পঙ্গুত্বের কারণে বছরে দেশের অর্থনীতিতে ১১ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।গতকাল বুধবার মানিকগঞ্জে সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব তথ্য তুলে ধরেন। বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যাডভান্সডমেন্ট সেন্টার (স্যাক)। এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্য দেন স্যাকের পরিচালক দীপক কুমার ঘোষ, জাতীয় মহিলা সংস্থার মানিকগঞ্জ জেলা চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি, সংস্থার কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, আইনজীবী মোশারফ হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিমল রায়, স্যাকের কর্মকর্তা লক্ষ্মী সরকার ও ডেইলি স্টার-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস।বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় ৪৩ দশমিক ৩ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি তামাক ব্যবহার করে। এ বিশাল জনগোষ্ঠীকে রক্ষায় এবং তামাক দ্রব্য ব্যবহারে নিরুৎসাহিত করতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এবং তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বক্তারা জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে তামাকজাত দ্রব্যের ওপর কর বৃদ্ধির দাবি জানান।