তামাকজাত দ্রব্যের মোড়কে সতর্কবাণীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুল ও জর্দাসহ সব ধরনের তামাকজাত দ্রব্যের মোড়কে ৯০ শতাংশ জায়গা জুড়ে তামাকজাত দ্রব্যের ব্যবহারের কারণে সৃষ্ট ক্ষতি সম্পর্কে রঙিন ছবি ও লেখা সংবলিত স্বাস্থ্য সতর্কবাণী দিতে হবে।
আজ মঙ্গলবার অবস্থান কর্মসূচিতে এ দাবি জানানো হয়েছে। নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং ডব্লিউবিবি ট্রাস্ট যৌথভাবে এ অবস্থান কর্মসূচির আয়োজন করে। আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, বিশ্বব্যাপী প্রমাণিত যে, তামাকের ক্ষতিকর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনাসহ তামাকজনিত মৃত্যু কমাতে ছবিসহ সতর্কবাণী সর্বাধিক কার্যকর।
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন এনডিএফের চেয়ারম্যান ইবনুল সাঈদ, ডব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার সৈয়দা অনন্যা রহমান প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম সংসদে বলেন, আগামী বছরের মার্চ মাস থেকে মোড়কে সচিত্র সতর্কবার্তা ছাড়া তামাকপণ্য বাজারজাত করা যাবে না।