তামাকজাত পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের দাবি
তামাক কোম্পানিগুলো দেশের জনস্বাস্থ্যের জন্য ক্ষতির পাশাপাশি পার্বত্য এলাকায় তামাক চাষের মাধ্যমে পরিবেশ ধ্বংস করছে। পার্বত্য এলাকায় তাদের তামাক চাষের কারণে এরই মধ্যে খাদ্যসংকট দেখা দিয়েছে, যা সরকারেরÿক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এ জন্য তামাক চাষ বন্ধ, সিগারেটসহ অন্যান্য তামাকজাত পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করতে হবে।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, বাংলাদেশ তামাকবিরোধী জোট ও দি ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৬ উপলক্ষে ‘তামাক নিয়ন্ত্রণে অর্জন ও চ্যালেঞ্জসমূহ’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য দেন নাটাবের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মোজাফফর হোসেন, বাংলাদেশ তামাকবিরোধী জোটের সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি শামীম হায়দার পাটোয়ারি, দি ইউনিয়নের কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলমসহ আরও অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মোজাফফর হোসেন বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তামাক চাষ
ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে আন্তরিক। কিন্তু এসব পণ্যের কর কমানোর বিষয়ে কারা যেন টালবাহানা করছে। এই বিষয়টি ভেবে দেখা দরকার।
সৈয়দ মাহবুবুল আলম বলেন, তামাক কোম্পানিগুলো জানে যে তামাকের প্যাকেটে সচিত্র সতর্কবাণী দিলে তামাকসেবীর সংখ্যা কমে যাবে। তাই তারা সচিত্র সতর্কবাণী প্রদানে প্রথম থেকেই নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেছে। এ ছাড়া সাড়ে চার শ ভাগ শুল্ক দেওয়ার কথা থাকলেও বিদেশি সিগারেটে বাজার সয়লাব হয়ে গেছে।
সভায় আরও বলা হয়, শিশু ও অপ্রাপ্তবয়স্কদের কাছে সিগারেটসহ তামাকজাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ। তারপরও তা অবাধে বিক্রি হচ্ছে। তামাকজাত পণ্য নিয়ন্ত্রণে আইন হলেও এর বাস্তবায়ন খুবই কম।