তামাকজাত পণ্যে মূল্যস্তর প্রথা বাতিল হতে পারে: অর্থ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বাজেটে তামাকজাত পণ্যে মূল্যস্তর প্রথা বাতিলের ইঙ্গিত দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। তিনি বলেছেন, ‘আগামী বাজেটে তামাকজাত পণ্যে মূল্যস্তর প্রথা বাতিল হতে পারে। যদিও এ ব্যাপারে ঘোষণা দেওয়ার সময় আসেনি, তবে আমার ধারণা, মূল্যস্তর প্রথা থাকছে না।’
গতকাল সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাজেট ২০১৬-১৭: কেমন তামাক কর চাই’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো এবং প্রজ্ঞা যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, তামাকজাত পণ্যের ওপর বর্তমান ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ২ শতাংশে উন্নীত করা, তামাক পোড়ানোর চুল্লিপ্রতি বছরে পাঁচ হাজার টাকা লাইসেন্স ফি আরোপ এবং সিগারেটের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা বাতিলের বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিচালনা পর্ষদে সরকারি লোকজন থাকার ব্যাপারে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা ধীরে ধীরে সরে আসার চেষ্টা করছি।’
বৈঠকে বক্তারা বলেন, এমন বাজেট করতে হবে যাতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা তামাকজাত পণ্য কিনতে না পারে। পাঠ্যসূচিতে তামাকবিরোধী সচেতনতামূলক বিষয় অন্তর্ভুক্তির দাবিও করেন তাঁরা। তামাক চাষ নিরুৎসাহিত ও তামাক রপ্তানি বন্ধ করতে রপ্তানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করারও প্রস্তাব করেন তাঁরা।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিকের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক ও প্রজ্ঞার সমন্বয়ক হাসান শাহরিয়ার।