তামাকজাত পণ্যের সব ধরনের প্রচারণা নিষিদ্ধ করার দাবি
আইনগতভাবে তামাক ও বিড়ি-সিগারেটের সব ধরনের প্রচারণা নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ধূমপানবিরোধী আন্দোলনের কর্মীরা। বিষয়টি যুক্ত করে জাতীয় সংসদের চলতি অধিবেশনেই প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি জানিয়েছেন তাঁরা।রাজধানীতে সমাজকল্যাণ ও উন্নয়নমূলক প্রতিষ্ঠান ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার ‘সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন এবং শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।বক্তারা বলেন, আইন অনুযায়ী তামাক বা বিড়ি-সিগারেটের যেকোনো ধরনের প্রচারণা বা বিজ্ঞাপন নিষিদ্ধ থাকলেও তামাক কোম্পানিগুলো সামাজিক দায়বদ্ধতার আড়ালে তামাক ও বিড়ি-সিগারেটের প্রচারণা অব্যাহত রেখেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ। প্যানেল অতিথি হিসেবে তামাকবিরোধী নারী জোট ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, সিটিএফকের অ্যাডভোকেসি ও মিডিয়া কো-অর্ডিনেটর তাইফুর রহমান, মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অরূপ রতন চৌধুরী ও ক্যাবের প্রেসিডেন্ট কাজী ফারুক বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।