তামাকপণ্যে সরকারের রাজস্ব আয় কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়াবিহীন তামাকপণ্যের খুচরা মূল্যে করারোপের প্রস্তাব করা হলেও বাজেটে সে প্রস্তাব পাস হয়নি। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা বলছে, এতে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে। তামাক কোম্পানির আয়ও বৃদ্ধি পাবে।

আজ মঙ্গলবার প্রজ্ঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রতি ১০ গ্রাম জর্দা ও গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ৬৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। ফলে এ খাত থেকে গত অর্থবছরের তুলনায় সরকারের ১৫৮ শতাংশ রাজস্ব আয় বৃদ্ধি পেত। কিন্তু সরকার এ সিদ্ধান্ত থেকে সরে আসে। এখন ১০ গ্রাম জর্দা ও গুলের জন্য যথাক্রমে ১২ টাকা এবং ৬ টাকা ট্যারিফ ভ্যালু নির্ধারণ করে এর ওপর ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে ধোঁয়াবিহীন তামাকপণ্যে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ৫৪ শতাংশ হ্রাস পাবে এবং একই পরিমাণ তামাক বিক্রি করে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ১১৮ শতাংশ বেশি আয় করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক পণ্যের ক্ষেত্রে রাজস্ব আদায় ব্যবস্থা দুর্বল। দেশে এখনো রেজিস্ট্রেশনবিহীন জর্দা ও গুলের অসংখ্য কারখানা থাকায় সেখান থেকে কর সংগ্রহ করা কঠিন হচ্ছে। কর আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যকর পদক্ষেপ জরুরি। করারোপে ট্যারিফ ভ্যালু পদ্ধতির পরিবর্তে বিড়ি-সিগারেটের মতো খুচরা মূল্য নির্ধারণ হবে সবচেয়ে কার্যকর উপায়।