তামাকপণ্যে সুনির্দিষ্ট কর আরোপের দাবি
সুনির্দিষ্ট কর আরোপের মাধ্যমে তামাকের দাম বাড়ানোর দাবি জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটি এই দাবি জানায়।
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানসের সভাপতি অরূপ রতন চৌধুরী। তিনি বলেন, তামাকপণ্যে সুনির্দিষ্ট কর আরোপ করলে সরকার তামাকপণ্য থেকে বছরে সাড়ে ৬ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব পাবে। একই সঙ্গে দাম বাড়ানোর কারণে ব্যবহারও কমবে।
সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ধূমপান হচ্ছে অন্যান্য মাদকে আসক্ত হওয়ার নাটের গুরু। প্রকাশ্যে ধূমপান দণ্ডনীয় করার পরও এটি যে পুরোপুরি নিশ্চিহ্ন করা গেছে, তা বলা যাবে না। তবে অনেক ক্ষেত্রেই আগের চেয়ে কমে গেছে। এখন আর বাসে কেউ ধূমপান করার সাহস পায় না।
মানসের মহাসচিব চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ধূমপান ও মাদকবিরোধী আন্দোলনে সংযুক্ত হওয়ার আগে তিনি নিজে ব্যক্তিগতভাবে তা ছেড়েছেন। সে সময় এফডিসিতে বিনা মূল্যে সিগারেট দেওয়া হতো। কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন বলেই তিনি কখনো আর ধূমপান করেননি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
তামাকজাত পণ্যের ওপর উচ্চ হারে করারোপের দাবি
জনস্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর তামাকজাত দ্রব্যের ওপর উচ্চ হারে করারোপ ও শক্তিশালী তামাক শুল্কনীতি গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন দাম ৪০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে এই জোট।
গত রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি এবং পরে জাতীয় রাজস্ব বোর্ডে দেওয়া স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ তামাকবিরোধী জোটের সদস্য সংগঠন মাদকদ্রব্য ও নেশা বিরোধী কাউন্সিল (মানবিক), নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, অরুণোদয়ের তরুণ দল, গ্রিন মাইন্ড সোসাইটি, জনস্বার্থ ফাউন্ডেশন, ইয়ুথ সান, এলআরবি ফাউন্ডেশন, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা, স্বচ্ছ ফাউন্ডেশন, স্বপ্নের সিঁড়ি সমাজকল্যাণ সংস্থাসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা। সঞ্চালনা করেন স্বচ্ছ ফাউন্ডেশনের সভাপতি সুমন শেখ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, তামাকবিরোধী জোটের বোর্ড অব ট্রাস্টি এম রফিকুল ইসলাম, জনস্বার্থ ফাউন্ডেশনের সভাপতি ডি এম সাকলায়েন, অরুণোদয়ের তরুণ দলের সভাপতি শহীদুল ইসলাম বাবু, স্বপ্নের সিঁড়ির উম্মে সালমা, এলআরবি ফাউন্ডেশনের সুলতানা রাজিয়া, স্বদেশ মৃত্তিকার প্রতিনিধি আকবর হোসেন, জন অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রদীপ হালদার।
অবস্থান কর্মসূচি শেষে বাংলাদেশ তামাকবিরোধী জোটের একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একান্ত সচিব মো. শামসুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করে।
তামাকবিরোধী জোটের দাবির মধ্যে রয়েছে সিগারেটের জটিল করকাঠামো বাতিল করে অবিলম্বে সুনির্দিষ্ট কর পদ্ধতি চালু করা, সব তামাকপণ্যের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর খুচরা মূল্যের ৭০ শতাংশ করা, সিগারেটের প্যাকেটের (১০ শলাকা) সর্বনিম্ন মূল্য ৪০ টাকা নির্ধারণ করা।