তামাকবিরোধী প্রচারণার উদ্বোধন
তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে সপ্তমবারের মতো প্রচারণা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে টেলিভিশন স্পট ‘ধোঁয়া’-এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
টেলিভিশন স্পট ‘ধোঁয়া’-এর দৈর্ঘ্য ৩০ সেকেন্ড জানিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতামূলক এ বার্তায় ধূমপানের পরোক্ষ ক্ষতিকর দিক, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ও বিধি প্রতিপালনের বাধ্যবাধকতা এবং জনসমাগম স্থান ও পরিবহনে জনসচেতনতামূলক বার্তা প্রদর্শনের আবশ্যকতা তুলে ধরা হয়েছে। এটি জনপ্রিয় বেশ কয়েকটি টিভি চ্যানেলে ১৫ জুলাই থেকে মাসব্যাপী দুই হাজারবার প্রচারিত হবে। প্রতিমন্ত্রী জানান, ধূমপান নিয়ন্ত্রণ আইন ও বিধি মোতাবেক যেসব স্থান শতভাগ ধূমপানমুক্ত সেই বার্তা প্রদর্শনের জন্য স্টিকার তৈরি করা হয়েছে। ‘শতভাগ ধূমপানমুক্ত’ স্টিকারের মাধ্যমে সারা দেশে তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও তামাকবিরোধী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।