সংসদে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার সংসদের শপথকক্ষে ‘তামাকের ক্ষতিকর প্রভাব: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় স্পিকার এ আহ্বান জানান। তিনি বলেন, কেমন নীতিমালা ও আইন প্রণয়ন করলে তামাক প্রতিরোধ করা সম্ভব, তা নিয়ে সাংসদদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ আবুল বারকাত। এতে তিনি বলেন, প্রতি ১০টি সিগারেটের ওপর ৩৪ টাকা একক কর এবং ২৫টি বিড়ির ওপর ৪ দশমিক ৯ টাকা হারে কর বসালে বাড়তি দুই হাজার ২২০ কোটি টাকা রাজস্ব আয় হবে। এই টাকা দিয়ে বছরে ১২ হাজার বিদ্যালয় এমপিওভুক্ত করা সম্ভব।
হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি), তামাকবিরোধী জোট, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় সংসদ সচিবালয় এই আলোচনার আয়োজন করে। সংসদ সচিব আশরাফুল মকবুলের সভাপতিত্বে আরও আলোচনা করেন চিফ হুইপ আ স ম ফিরোজ, সাংসদ সাবের হোসেন চৌধুরী, হুইপ আতিউর রহমান, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী প্রমুখ।
স্পিকারকে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ: স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এ-সংক্রান্ত আমন্ত্রণপত্র স্পিকারের হাতে হস্তান্তর করেন।