তামাকের বদলে আদা চাষে ঝুঁকছেন চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নের কৃষকেরা তামাক চাষ বাদ দিয়ে ব্যাপকভাবে আদা চাষ শুরু করেছেন। তামাকের চেয়ে লাভজনক হওয়ায় তাঁরা বিপুল উৎসাহে আদা চাষ করছেন। জানা গেছে, পাঁচ-ছয় বছর আগে রাজবিলা চেয়ারম্যানপাড়ার ম্রাসাথোয়াই মারমা ও কুহালং ইউনিয়নের ডলুপাড়ার চিংসাবু মাস্টার প্রথম বাণিজ্যিকভাবে আদার চাষ শুরু করেন। তাঁরা সমতল এলাকা থেকে থাইল্যান্ড ও কোরিয়ার আদাবীজ সংগ্রহ করে পাহাড়ে রোপণ করেন। ফলন ভালো হওয়ায় এবং বেশি দামে বিক্রি করতে পারায় তাঁরা আরও বেশি জমিতে আদা চাষ শুরু করেন। তাঁদের সাফল্য দেখে কয়েক বছরের মধ্যে অন্য লোকজনও ব্যাপকভাবে আদা চাষ শুরু করেন। ঝাংকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন তঞ্চঙ্গ্যা জানান, আগে রাজবিলাতে ব্যাপকভাবে তামাক চাষ হতো। কিন্তু আদা চাষ শুরু হওয়ার পর তিন-চার বছরের মধ্যে এখনাকার কৃষক ও জুমচাষিরা তামাক চাষ ছেড়ে দিয়েছেন। আদা খেতে সাথি ফসল হিসেবে মরিচ, ভুট্টা, কচু, ঢ্যাঁড়স ও কলা চাষ করা সম্ভব। এতে এসব ফসল বিক্রি করেও বাড়তি আয় করা যায়। এসব সুবিধার পাশাপাশি আদা চাষের জন্য ব্যাংকগুলো থেকেও সহজ শর্তে ঋণ পাওয়া যায়। রাজবিলা ইউনিয়নের নোয়াপাড়া, রমতিয়া, উদালবনিয়া, কুহালংয়ের ডলুপাড়া, আমতলিপাড়ার বিস্তীর্ণ এলাকায় আদা চাষ করা হয়েছে। রমতিয়াপাড়া এলাকার ক্যাংপ্রু মারমা জানান, তিনি এবার পাঁচ একর জমিতে আদা চাষ করেছেন। পাঁচ একরে তাঁর মোট সাড়ে চার লাখ টাকা খরচ হয়েছে। ফলন ভালো হলে ১০-১১ লাখ টাকার আদা পাবেন।সদর উপজেলার জানছড়িমুখপাড়ার তামাকচাষি তেউমং মারমা জানান, তিনি গত মৌসুমে দুই একর জমির এক একর জমিতে এক লাখ টাকা খরচ করে তামাক চাষ করেছিলেন। এতে খরচ বাদ দিয়ে তাঁর ৮০ হাজার টাকা লাভ হয়েছে। রাজবিলা নোয়াপড়া এলাকার ক্যাচিং মারমা জানান, আগে তিনি জুমচাষ এবং জুমের মৌসুম শেষে তামাকের চাষ করতেন। কিন্তু এক বছর আদা চাষ করে তাঁর তামাকের চেয়ে বেশি লাভ হয়েছে। এ কারণে এখন তিনি তাঁর জমিতে শুধু আদা চাষ করছেন। ক্যাচিং মারমার মতো অনেকে জানালেন, তাঁরাও জুম ও তামাক চাষ ছেড়ে এখন আদা চাষ করছেন। জনতা ব্যাংকের ব্যবস্থাপক আবু মং মারমা জানান, শুধু বান্দরবান সদর উপজেলায় জনতা ব্যাংক কৃষি খাতে ২২ লাখ টাকা ঋণ দিয়েছে। সুনির্দিষ্ট করে বলতে গেলে আদা চাষের জন্য বেশি ঋণ দেওয়া হয়েছে। বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উদয় শংকর মুৎসুদ্দি জানান, জেলায় এবার এক হাজার ৫৬২ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে। এর মধ্যে রাজবিলা, উদালবনিয়া, ক্যামলং ও ডলুপাড়া এলাকায় সবচেয়ে বেশি চাষ হয়েছে। উন্নত যোগাযোগ-ব্যবস্থা ও ব্যাংক থেকে ঋণ পাওয়ায় কৃষকেরা আদা চাষে আগ্রহী হচ্ছেন।