তামাকের বদলে এক জমিতেই ধান ও মাছ চাষ
বছর দশেক আগে যে গ্রামের মাঠজুড়ে দেখা যেত তামাকখেত, এখন সেই গ্রামে গেলে চোখে পড়ে মাছভরা ধানের খেত। গ্রামটির দেড় শতাধিক কৃষক খেতে মাছের চাষ করে একরে ২০ হাজার টাকা বাড়তি আয় করছেন। গোলাভরা ধান আর খেতভরা মাছে ঘেরা গ্রামটির নাম কোরানীপাড়া। গ্রামটি রংপুরের তারাগঞ্জে অবস্থিত।
খেতে যে মাছের চাষ করা সম্ভব, তা প্রথমে বুঝতে পারেন কোরানীপাড়ার আবু বক্কর (৩০)। তাঁর দেখাদেখি অন্যরাও তামাক ছেড়ে বোরো ধান আর খেতে মাছ চাষ শুরু করেন। একসময় ধান আর মাছের কল্যাণে গ্রাম থেকে অভাব দূর হয়।
আবু বক্কর জানান, তাঁর বাবার ৫০ শতক জমিতে ফসল তেমন হতো না। আমন ধান আর তামাক চাষের পর ওই জমি খালি পড়ে থাকত। অভাব ঘোচাতে তিনি দিনমজুরি করতেন। এলাকায় কাজ না থাকায় ২০০৩ সালে তিনি পীরগাছা উপজেলার পাওটানার হাট গ্রামে বোরো ধান কাটার কাজে যান। সেখানে খেতভরা মাছ দেখে আবু বক্কর গৃহকর্তা আমজাদের কাছে এই পদ্ধতিতে চাষাবাদের কৌশল শিখতে চান। আমজাদ তাঁকে খেতে মাছ চাষের কৌশল শেখান। পরের বছর তিনি ৫০ শতক জমিতে রোপণ করেন বোরো ধান। একই সঙ্গে ওই খেতে করেন মাছেরও চাষ। এতে খরচ বাদে আয় হয় ২৮ হাজার টাকা।
২০০৫ সালে অন্যের এক একর জমি বোরো ধান চাষের জন্য তিন হাজার টাকায় ইজারা নেন। মোট দেড় একরে একসঙ্গে ধান ও মাছ চাষ করে আয় করেন ৮৪ হাজার টাকা। তাঁর দেখাদেখি গ্রামের অন্য কৃষকেরা ওই পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। বর্তমানে গ্রামের দেড় শতাধিক কৃষক ওই পদ্ধতিতে চাষাবাদ করে বাড়তি আয় করছেন।
গ্রামের সাইফুল ইসলামের ৫০ শতক জমি ছিল একমাত্র অবলম্বন। সেই জমিটুকু আঁকড়ে ধরে শুরু করেন সংগ্রাম। দুই একর জমি কিনে ধানের সঙ্গে করছেন মাছের চাষ। সাত দিন আগে এক একরে ধান ও মাছ বিক্রি করে খরচ বাদে আয় করেছেন ৫৮ হাজার টাকা। তিনি বলেন, তামাকের চেয়ে ধান ও মাছ চাষে লাভ বেশি। এক একর জমিতে একসঙ্গে ধান ও মাছ চাষ করে ৬০ হাজার টাকা আয় করা যায়। নির্বাচিত ধানখেত মাছ চাষের উপযোগী করে তোলার জন্য জমির আইলগুলো উঁচু করে দিতে হয়, যেন প্রয়োজনীয় পানি আটকে রাখা যায়। জমির দুই পাশে ১০ ফুট দৈর্ঘ্য, ১০ ফুট প্রস্থ ও দুই ফুট গভীর করে দুটি গর্ত করতে হয়; যাতে কোনো কারণে পানিসংকট দেখা দিলে মাছ এখানে আশ্রয় নিতে পারে। ধান রোপণের ১০-১৫ দিন পর পোনা ছাড়তে হয়। নিজের পছন্দ অনুযায়ী মাছের পোনা ছাড়া যায়। তবে শিং, মাগুর, সরপুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা, কার্প, সিলভার কার্প ও গ্রাস কার্প মাছ তুলনামূলক বেশি লাভজনক। মাছ চাষ করলে খেতে কীটনাশক ছিটানো যাবে না। তবে মাছ ক্ষতিকারক পোকার ডিম খেয়ে ফেলে।
গ্রামের জিকরুল হক বলেন, ৫০ শতক জমিতে তামাক চাষ করলে প্রায় সাত মণ তামাক পাওয়া যেত। এতে খরচ হতো আট হাজার টাকা। আর উৎপাদিত তামাক বিক্রি করা যেত ১৫ হাজার টাকায়। খরচ বাদে লাভ হতো প্রায় সাত হাজার টাকা। অথচ একই সঙ্গে ধান ও মাছ চাষ করলে এ থেকে আয় হবে ৩৫ হাজার টাকার মতো। খরচ বাদে লাভ হবে ২৯ হাজার টাকা।