তামাকজাত দ্রব্যের ক্ষতিকর দিক নিয়ে মানুষকে সচেতন করতে এবং এর ব্যবহার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়ে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।গতকাল রোববার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ এলাকায় এসব কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংগঠন সমাজ ও মানব উন্নয়ন সংস্থা। কর্মসূচি থেকে সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের প্যাকেট বা কৌটার গায়ে ৫০ ভাগ জায়গাজুড়ে ছবিসহ সতর্কীকরণ বাণী লিপিবদ্ধ করা, তামাকজাত দ্রব্য ব্যবহারে যেসব রোগ হয় সেগুলো উল্লেখ করা, প্যাকেটের গায়ে বিভিন্ন বিভ্রান্তিকর শব্দ ব্যবহার বন্ধ করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।উপজেলা পরিষদ চত্বরের সামনে সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক মো. সানোয়ার উদ্দিন, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ, কাওরাইদ কেএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, ত্রিমোহনী বিডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আনসার টেপিরবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। আয়োজকেরা পরে শ্রীপুর পৌর এলাকার বিভিন্ন দোকানপাট ও জনবহুল এলাকায় গিয়ে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক প্রচারপত্র জনসাধারণের মধ্যে বিলি করেন।