রাজশাহীতে গত ১ এপ্রিল প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের প্রশিক্ষক লে. কর্নেল (অব.) এস শাহেদ কামালও চলে গেলেন। ৪৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
শাহেদ কামালের (৫০) সাবেক সহকর্মী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফার্স্ট অফিসার রেজোয়ান আহমেদ খান জানান, রাত ১টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি বলেন, সিঙ্গাপুরে নেওয়ার পর তিন সপ্তাহে তাঁর অবস্থার বেশ উন্নতি হয়েছিল। তাঁর হাত দুটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। হাত থেকে ব্যাকটেরিয়া শরীরে সংক্রমিত হয়ে যকৃতে পচন ধরে। গত চার দিনে তাঁর অবস্থার আরও অবনতি হয়।
শাহেদ কামালের বাড়ি নড়াইলে। রাজশাহীতে হজরত শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার সময় তিনি প্রশিক্ষণার্থী বৈমানিক তামান্না রহমানের পাশে বসে ছিলেন। তামান্না ঘটনাস্থলেই পুড়ে মারা যান। আর শাহেদ কামালের শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহীতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিমানে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখান থেকে সিঙ্গাপুরে পাঠানো হয়।
রেজোয়ান আহমেদ জানান, গতকাল বুধবার রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তাঁর মরদেহ দেশে আনার কথা। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
শাহেদ কামাল খুলনা জিলা স্কুল থেকে ১৯৮০ সালে এসএসসি, নটর ডেম কলেজ থেকে ১৯৮২ সালে এইচএসসি পাস করেন। ১৯৮৪ সালের ২৬ জুন বাংলাদেশ সেনাবাহিনীর চতুর্দশ বিএমএ লং কোর্সে যোগদান করেন। ১৯৮৬ সালের কমিশন প্রাপ্ত হন। ১৯৯০ সালে আর্মি এভিয়েশনের তৃতীয় ব্যাচে যোগদান করেন। ১৯৯৩ সালে কমার্শিয়াল পাইলট লাইসেন্সপ্রাপ্ত হন। আর্মি এভিয়েশনের দ্বিতীয় ব্যাচে ফ্লাইট ইনস্ট্রাক্টর কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষক হিসেবে সাত ধরনের এয়ারক্রাফটে তিন হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা তাঁর রয়েছে। তিনি আর্মি ও সিভিল এভিয়েশনের ২০০ বৈমানিককে প্রশিক্ষণ দিয়েছেন।