তামাবিল সীমান্ত দিয়ে ৪৩ বাংলাদেশি ফেরত
সিলেটের তামাবিল ফাঁড়ি দিয়ে ৪৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের অভিবাসন পুলিশ। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এদের হস্তান্তর-প্রক্রিয়া সম্পন্ন হয়।ফেরত আসা ৪৩ জনই সিলেট জেলার সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার বাসিন্দা। রাতেই তাঁদের তামাবিল থেকে সংশ্লিষ্ট থানা-পুলিশের হেফাজতে দেওয়া হয়। তামাবিল অভিবাসন পুলিশ সূত্র জানায়, ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে সেখানকার পুলিশ বিভিন্ন সময় ওই ব্যক্তিদের আটক করে। এর মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলার ১৬ জন, জকিগঞ্জের ১০ জন, বিয়ানীবাজারের সাতজন। এদের বেশির ভাগই কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতের কেনরী থানা পুলিশ তাঁদের আটক করে। চার দিন কারাভোগের পর সোমবার রাতে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশিদের হস্তান্তরকালে তামাবিল ফাঁড়িতে উভয় দেশের অভিবাসন পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।