তামাবিল সীমান্তে ধান কাটা অব্যাহত রেখেছে খাসিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্তে আমসত্ত্বপুর এলাকায় ভারতীয় খাসিয়ারা বিএসএফের সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকের পাকা ধান কাটা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবার উভয় দেশের পতাকা বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। বরং বিএসএফের সঙ্গে ভারতীয় খাসিয়ারা আগ্নেয়াস্ত্র ও তীর-ধনুক নিয়ে সীমান্তে মহড়া দিচ্ছে।গত বৃহস্পতিবার আমসত্ত্বপুর এলাকায় ভারতীয় খাসিয়ারা ১২৭৭ নম্বরের ২ এস ও ৩ এস পিলারসংলগ্ন এলাকায় সীমান্তের ২০০ গজ ভেতরে ঢুকে ধান কাটা শুরু করে। বিডিআর জওয়ানেরা একাধিকবার বাধা দিলেও ভারতীয় খাসিয়ারা তাতে কর্ণপাত করেনি।একপর্যায়ে বিষয়টি নিয়ে বিডিআর পতাকা বৈঠকের আহ্বান জানালে বিএসএফ সম্মত হয়। গতকাল সকাল ১০টায় তামাবিল জিরো পয়েন্টে বিডিআর-বিএসএফ কোম্পানি কামান্ডার পর্যায়ে ২০ মিনিটের পতাকা বৈঠক হয়। বিডিআরের পক্ষে তামাবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইউনুছ ও বিএসএফের পক্ষে নলজুরী কোম্পানি কামান্ডার এস কে বর্ষা নেতৃত্ব দেন। বৈঠক শেষে বিডিআর জানায়, ধান কাটা থেকে খাসিয়াদের বিরত রাখতে বিএসএফকে বারবার অনুরোধ করা হয়েছে।তামাবিল ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইউনুছ প্রথম আলোকে বলেন, ‘উভয় দেশের উচ্চপর্যায়ে বৈঠকের পর ধান কাটার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলেছি, কিন্তু বিএসএফ তা মানতে রাজি নয়। বিএসএফ বলছে, তারা সরকার থেকে অনুমতি নিয়েই ধান কাটছে। একপর্যায়ে অমীমাংসিতভাবেই পতাকা বৈঠক শেষ হয়।’পূর্ব জাফলং ইউনিয়নের আমসত্ত্বপুর গ্রামের ওয়াহাব আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাঁর জমির ধান ভারতীয় খাসিয়ারা কেটে নিয়ে গেছে। অথচ স্বাধীনতার পর থেকে তিনি জমিটি ভোগ-দখল করে আসছেন। তিন বছর ধরে বিএসএফের প্ররোচনায় খাসিয়ারা ধান কেটে নিচ্ছে। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, বৈঠকের পর থেকে সীমান্তে বিডিআর-বিএসএফ মুখোমুখি অবস্থানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় খাসিয়ারা ধান কাটা অব্যাহত রেখেছে।