তামাবিল সীমান্তে বিজিবির ডগ স্কোয়াড কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকসহ সীমান্ত এলাকায় চোরাচালানি বন্ধ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম শুরু করেছে। বিজিবি-৫-এর অধীন সিলেটের তামাবিল সীমান্তের চেকপোস্টে মঙ্গলবার বিকেলে একটি মহড়া করে গতকাল বুধবার থেকে নিয়মিত তল্লাশি শুরু করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে তামাবিলে ডগ স্কোয়াড নিয়ে প্রশিক্ষিত বিজিবি সদস্যদের অবস্থান নিয়মিত করা হবে বলে বিজিবি সূত্র জানায়। বিজিবি জানায়, বিজিবির মহা-পরিচালকের সরেজমিনে তামাবিল পরিদর্শনের পর ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রমের সিদ্ধান্ত হয়। বিজিবির ছয়জন সদস্য তিন মাসের বিশেষ প্রশিক্ষণ শেষে ডগ স্কোয়াড নিয়ে তামাবিলে মহড়া শুরু করেন। তিনটি কুকুর নিয়ে প্রশিক্ষিত ছয় বিজিবি সদস্য পর্যায়ক্রমে তল্লাশি অভিযানে নামেন। গতকাল সকাল থেকে তামাবিল সীমান্ত চেকপোস্টে ভারতের শিলং থেকে বাংলাদেশে আসা নাগরিকদের ট্রাভেল ব্যাগ ও পণ্যবাহী ট্রাক ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চলে। বর্ডার গার্ড বাংলাদেশ-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আযম জানান, তামাবিলে তিনটি ডগ ও ছয়জন প্রশিক্ষিত বিজিবি সদস্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলো। সীমান্তে মাদক চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমনে আরও কঠোর পদক্ষেপ নিতে এ ব্যবস্থা চালু করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় তামাবিলে ডগ স্কোয়াড কার্যক্রম শুরুর সময় ডগ স্কোয়াড দলের কমান্ডার সিপাই মো. মনিরুজ্জামান উপস্থিত সাংবাদিকদের জানান, এ পদ্বতি দ্বারা নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন। বৈধভাবে যাতায়াতকারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।বাংলাদেশে প্রথমবারের মতো সীমান্তে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানোর কার্যক্রমের কথা গত ১০ আগস্ট সিলেট সফরকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দেশের ১০টি সীমান্তচৌকিতে (চেকপোস্ট) ডগ স্কোয়াডের কার্যক্রম শুরু হবে। তামাবিল থেকে এ কার্যক্রম বাংলাদেশের অন্যান্য সীমান্ত চেকপোস্টে ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়েছিল।পতাকা বৈঠক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকার কালাসাদেক এলাকায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। গতকাল বুধবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে সীমান্ত এলাকায় সম্ভাব্য অনুপ্রবেশ ও অবৈধ যাতায়াত নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন বর্ডার গার্ড-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আযম।