তামাবিল সড়কে ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, অবরোধ
সিলেট-তামাবিল সড়কের সারীঘাটে দ্রুতগামী ট্রাকের চাপায় লোবাব আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহত লোবাব আক্তার গোয়াইনঘাটের মহিপুর গ্রামের আবদুল্লাহ মিয়ার মেয়ে। লোবাব পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাক সারীঘাটে লোবাব আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা দেখে আশপাশের এলাকার মানুষ ট্রাকটি আটক করে সড়ক অবরোধ করে। খবর পেয়ে বেলা ১১টায় জৈন্তাপুর থানা ও তামাবিল হাইওয়ে পুুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমদসহ স্থানীয় প্রবীণ ব্যক্তিরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন।জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফিরোজ জানান, মেয়েটি সড়ক পার হতে গিয়ে ট্রাকের নিচে পড়ে। ট্রাকটি তখন দ্রুতগতিতে চলছিল। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে নিহত ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।