তামিমসহ তিন জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত ‘নব্য জেএমবি’র নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গির লাশ গতকাল বৃহস্পতিবার বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পুলিশ লাশ তিনটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে দুপুরে হস্তান্তরের পর বিকেলে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।
গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে পুলিশের অভিযানে ওই তিন জঙ্গি নিহত হন। গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ‘অজ্ঞাত’ হিসেবে লাশগুলো আঞ্জুমানকে বুঝিয়ে দেয় পুলিশ।
ঘটনার পর পুলিশ বলেছিল, ওই তিনজন হলেন জঙ্গিনেতা তামিম চৌধুরী, তাঁর সহযোগী ফজলে রাব্বি ও তাওসিফ হোসেন। রাব্বি যশোরের কলেজছাত্র।
মর্গ সূত্র বলেছে, নারায়ণগঞ্জে তিন জঙ্গি নিহত হওয়ার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আলমগীর সিদ্দিক বেলা সোয়া দুইটার দিকে মর্গে এসে হিমঘর থেকে তিন জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানকে হস্তান্তর করেন। বিকেল সাড়ে চারটার দিকে জুরাইন কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী তাঁদের লাশ দাফন করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্তব্যরত কর্মকর্তা রুহুল আমিন।
এর আগে তদন্তকারী কর্মকর্তা মর্গের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, তিন জঙ্গির লাশ অজ্ঞাতনামা হিসেবে দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গুলশানের হলি আর্টিজান বেকারি ও কল্যাণপুরে নিহত ১৪ জঙ্গিসহ ১৫ জনের লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হয়েছিল।