তামিমের ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্য জেএমবির নেতা তামিম চৌধুরীর ডিএনএ নমুনা কানাডায় অবস্থানরত তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মিলেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তামিম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এই তথ্য জানান।
গত মাসে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, আইনগতভাবে তামিম চৌধুরীর লাশ শনাক্তের জন্য তাঁর ডিএনএ নমুনা নিয়ে যায় কানাডার সরকার। এরপর গতকাল মাসুদুর রহমান বলেন, ডিএনএ নমুনা কানাডায় অবস্থানরত তামিমের বাবা ও বোনের ডিএনএ নমুনার সঙ্গে মিলে গেছে। নিহত ব্যক্তিই যে তামিম চৌধুরী তা নিশ্চিত হওয়া গেছে।
গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে তামিম চৌধুরী ও তাঁর দুই সহযোগী নিহত হন। তাঁদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
গত ৪ অক্টোবর অনলাইনে প্রকাশিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সাময়িকী রুমাইয়াহতে তামিমকে তাদের ‘বাংলার সামরিক ও গুপ্ত হামলার সাবেক প্রধান’ হিসেবে উল্লেখ করা হয়। তাঁর সাংগঠনিক নাম আবু দুজানা।