তামিমের পর মারা গেল বড় ভাই তানভীর
দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় গত ৮ অক্টোবর দগ্ধ হয়েছিল তানভীর হোসেন (১৩)। মৃত্যুর সঙ্গে পাঁচ সপ্তাহ লড়াই করে গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সে মারা গেছে। এর আগে ১৪ অক্টোবর তার ছোট ভাই তামিম আজাদ (৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সাতক্ষীরার কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামে কলেজশিক্ষক খলিলুর রহমানের বাড়িতে ৮ অক্টোবর রাতে দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হন তাঁর স্ত্রী ঝর্ণা খাতুন (৩২), ছেলে তানভীর হোসেন (১৩) ও তামিম আজাদ (৭)। ওই দিন সকালে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওই দিন তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এ ঘটনায় খলিলুর রহমানের বড় ভাই মতিয়ার রহমান বাদী হয়ে ৯ অক্টোবর তাঁদের মেজো ভাই তবিবুর রহমান, তাঁর স্ত্রী মঞ্জুয়ারা খাতুন ও ছেলে সোহাগ হোসেনসহ পাঁচজনকে আসামি করে কলারোয়া থানায় একটি মামলা করেন। পুলিশ তবিবুর রহমানকে ওই দিনই গ্রেপ্তার করে।