তামিমের বিষয়ে আবারও চিঠি দিল কানাডা
নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে নিহত তামিম চৌধুরীর মরদেহ কেন তাঁর পরিবারকে দেওয়া হলো না এবং কেন তাঁর লাশ দাফন করার বিষয়টি জানানো হলো না, এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে ঢাকার কানাডীয় হাইকমিশন।
গত বৃহস্পতিবার পররাস্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানতে চায় কানাডীয় হাইকমিশন। ওই চিঠি পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কানাডীয় হাইকমিশনের চিঠিতে বলা হয়, তামিমের লাশ দাফন করার জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছে। বারবার অনুরোধ করার পরও কেন এ ব্যাপারে হাইকমিশন ও তামিমের পরিবারের তথ্য তাদের দেওয়া হলো না, চিঠিতে তা জানতে চাওয়া হয়।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘ওই জঙ্গি নিহত হওয়ার পর পত্রিকায় ছবি দিয়ে তাঁর লাশ পরিবারকে নিতে বলা হয়েছে। তখন কেউ সাড়া দেয়নি, যোগাযোগও করেনি। তাদের যদি মরদেহ লাগেই, তবে কবর থেকে লাশ তুলে নিয়ে যাক।’
তামিমের বিষয়ে জানতে চেয়ে গত এক বছরে পাঁচবার চিঠি পাঠায় কানাডীয় হাইকমিশন। ওই চিঠিগুলোতে তামিমের মরদেহের কী করা হবে, কেন মরদেহ ফেরত দেওয়া হচ্ছে না ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়।
পুলিশ বলছে, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী নব্য জেএমবির নেতা ও গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার প্রধান পরিকল্পনাকারী। গত বছরের ২৭ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে দুই সহযোগীসহ নিহত হন তিনি। গত ১৫ ডিসেম্বর তামিমের লাশ ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করে আঞ্জুমানে মুফিদুল ইসলাম।