তামিমের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিম ইকবালের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ l প্রথম আলো
তামিম ইকবালের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন ক্রীড়া সংগঠকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ l প্রথম আলো

জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্রীড়া সংগঠকেরা। সমাবেশ থেকে বিপিএলের দল সিলেট সুপারস্টারসের মালিক আজিজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেওয়া হয়।
গতকাল বুধবার বিকেলে এমএ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, কোচসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জহির উদ্দিন আহমদ, নোমান আল মাহমুদ, আবু শামা বিপ্লব, মাছুম-উদ-দৌলা প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সিলেট দলের কর্মকর্তা যে ভাষায় তামিম ইকবালের সঙ্গে কথা বলেছেন, তা জাতির জন্য লজ্জাজনক। জাতীয় দলের ক্রিকেটাররা দেশের গৌরব। তাঁদের কারণে বাংলাদেশ আজ অনেক উঁচুতে স্থান করে নিয়েছে।
বক্তারা বলেন, সিলেট দলের মালিকের বিরুদ্ধে বিসিবিকে ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে চট্টগ্রামে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
২৩ নভেম্বর সিলেট সুপারস্টারস ও চিটাগং ভাইকিংসের ম্যাচে তামিম ইকবালের সঙ্গে আজিজুল ইসলাম অশোভন আচরণ করেন বলে অভিযোগ রয়েছে। ৩০ নভেম্বর থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। সিলেট দলের খেলাও চট্টগ্রামে রয়েছে।