তামিমের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে সমাবেশ
বিপিএলে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টারসের ম্যাচে তামিম ইকবালের সঙ্গে দুর্ব্যবহার করার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদীরা। সিলেট দলের মালিক আজিজুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেওয়া হয়েছে সমাবেশে।
আজ বুধবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, কোচসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ সাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, জহির উদ্দিন আহমদ, নোমান আল মাহমুদ, আবু শামা বিপ্লব, মাছুম উদ দৌলা প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, সিলেট দলের কর্মকর্তা তামিম ইকবালের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, তা জাতির জন্য লজ্জাজনক। জাতীয় দলের ক্রিকেটাররা আমাদের গৌরব। তাঁদের কারণে বাংলাদেশ আজ অনেক উঁচুতে স্থান করে নিয়েছে।
বক্তারা বলেন, সিলেট দলের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেওয়া না হলে চট্টগ্রামে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
গত ২৩ নভেম্বর বিপিএলে সিলেট সুপারস্টারসের সঙ্গে চিটাগং ভাইকিংসের খেলা চলাকালে সিলেটের মালিক আজিজুল ইসলাম তামিম ইকবালকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। ৩০ নভেম্বর থেকে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। সিলেটেরও চট্টগ্রামে খেলা রয়েছে।
আরও পড়ুন:-