তার ও যন্ত্রাংশ চুরি ট্রেন চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের সিলেট-আখাউড়া সেকশনের বিভিন্ন স্টেশন এলাকায় ডিজিটাল টেলিফোন তার ও বিভিন্ন যন্ত্রাংশ চুরির কারণে স্বাভাবিক ট্রেন চলাচলে বিঘ্ন হচ্ছে। তার চুরির ফলে এক স্টেশন থেকে অন্য স্টেশনের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, ফলে স্টেশন মাস্টাররা ব্যক্তিগত মুঠোফোন ব্যবহার করে পরিস্থিতি সামলে নেন।খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ আগস্ট রাতে ভানুগাছ স্টেশনের আপ ১৫৬ নং সেতু এলাকা থেকে ৪০ ফুট অপটিক্যাল ও ডিজিটাল তার চুরি হয়। পরের দিন সকালে সেই এলাকায় নতুন করে তার স্থাপনের পর রাতেই আবার নতুন তার চুরি হয়ে যায়। ২৫ আগস্ট রাতে ভানুগাছ স্টেশনের আপ ১৭৬ নং সেতু থেকে ১৮২ নং সেতুর এক কিলোমিটার এলাকার ডিজিটাল তার চুরি হয়। ২৭ আগস্ট ১৮২ নং রেল সেতু এলাকা থেকে ৩৫ মিটার ডিজিটাল তার চুরি হয়ে যায়। ফলে গত ৭ আগস্ট থেকে ভানুগাছ স্টেশনের সঙ্গে শ্রীমঙ্গল স্টেশনের টেলিফোন নেটওয়ার্ক ও সিগনালিং ব্লক বিভিন্ন সময়ে বিকল ছিল। এতে ভানুগাছ-শ্রীমঙ্গল সেকশনে কয়েকটি ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরবর্তী সময়ে ২৮ আগস্ট শনিবার বিকল্প পদ্ধতিতে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার ও শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন।শমশেরনগরের স্টেশন মাস্টার মো. শাহাজাহান খান ও শায়েস্তাগঞ্জের স্টেশন মাস্টার কাজী শহিদুর রহমান বলেন, তার চুরির কারণে টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়ায় তাঁরা বাধ্য হয়ে ব্যক্তিগত মুঠোফোন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখেন। তাঁরা জানান, মাঝখানে চুরি বন্ধ থাকলেও এখন প্রায়ই রেলপাত ও স্লিপারের ক্লিপ চুরি হচ্ছে। ফলে রেলপাত দুর্বল হয়ে পড়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সিলেট-আখাউড়া সেকশনের কুলাউড়ার টেলিযোগাযোগ কর্মকর্তা (টিএমসি) মোহাম্মদ আলী খান দফায় দফায় তার ও লোহার পাত চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় মামলা করে কোনো লাভ হয় না।আখাউড়া-সিলেট সেকশনের শ্রীমঙ্গলের উপসহকারী প্রকৌশলী গণপূর্ত (রেল) রুহুল আক্তার রেলপাতের ক্লিপ, নাটবল্টুসহ যন্ত্রাংশ চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ক্লিপগুলো ওয়েল্ডিং করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রেলপাতের ক্লিপসহ যন্ত্রাংশ চুরির ফলে আসলে স্বাভাবিক ট্রেন চলাচল হুমকির মুখে পড়ে। চুরি প্রতিরোধে স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি।