তার কাটতে গিয়ে ইন্টারনেট বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত প্রধান প্রধান সড়কের ঝুলন্ত তার অবশেষে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ভুলে ওই পথের পশ্চিম দিকের অধিকাংশ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এসব সংযোগ পুনঃস্থাপনে অন্তত ১৫ দিন লাগবে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ কাল রোববারেই সমাধান হবে বলে আশ্বস্ত করেছে। এদিকে তার নামানোর সময় পা ফসকে নিচে পড়ে মারা গেছেন ডিপিডিসির এক কর্মী।গতকাল শুক্রবার ডিপিডিসি ও ডেসকোর দুটি দল উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত বৈদ্যুতিক খুঁটির ওপর ঝুলে থাকা সব ইন্টারনেট ও ডিশ সংযোগের তার কেটে নামিয়ে ফেলেছে। গত ২৯ ডিসেম্বর বিদ্যুৎ মন্ত্রণালয়ের বৈঠকে ইতিমধ্যে কেটে ফেলা তার নামিয়ে নেওয়ার নির্দেশ ছিল। কিন্তু তার কাটা দল ঝুলন্ত তার নামানোর পাশাপাশি শাখা সড়কগুলোর ইন্টারনেট সংযোগগুলোও কেটে ফেলেছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) অভিযোগ, ডিপিডিসির তার কাটা দল কাজ করার সময় কোনো আইএসপি প্রতিনিধিকে জানায়নি।আইএসপিএবির সদস্য এমদাদুল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন বৈঠকে বলা হয়েছে, তার কাটার সময় আইএসপির অন্তত একজন প্রতিনিধি থাকবেন। কিন্তু কাউকে জানানোই হয় না।ডেসকোর মহাব্যবস্থাপক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, সকাল নয়টায় টিএসসি চত্বরে আইএসপি প্রতিনিধিদের আসতে বলা হয়েছিল। একজন প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘কিছু সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে অভিযোগ পেয়েছি। এ সমস্যা সমাধানের জন্য শনিবার সকাল সাড়ে ১০টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। সবাই মিলে একটি সিদ্ধান্তে আসব, যাতে গ্রাহকদের কষ্ট না হয়।’জানা গেছে, কারওয়ান বাজারের স্টার কাবাব থেকে উত্তরার মাস্কট প্লাজা পর্যন্ত যতগুলো শাখা সড়ক ও আড়াআড়ি সংযোগ (ক্রসিং লিংক) আছে, সেগুলো কাটা পড়েছে। উত্তরার গ্র্যান্ড সেন্টার থেকে আবদুল্লাহপুর, জসীমউদ্দীন সড়কের ভেতরের সব সংযোগ, রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনের সংযোগ, সশস্ত্র বাহিনীর সব কটি কার্যালয়, সেনানিবাসের ভেতর দিয়ে যাওয়া মিরপুরের সংযোগগুলো, বনানী ১১ হয়ে মিরপুরের সব সংযোগ, গুলশান-বনানী-মহাখালীর সব কটি শাখা ও আড়াআড়ি সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অভিযোগ রয়েছে, ইতিমধ্যে ভূগর্ভস্থ বিতরণ লাইনে চলে যাওয়া তারগুলোর মূল সংযোগও কাটা পড়েছে।কর্মসূচি নিচ্ছে আইপি সংগঠনগুলো: আগামী সোমবার থেকে দুই ঘণ্টা করে ইন্টারনেট-সেবা বন্ধ করে ডিপিডিসি ও ডেসকোর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিচ্ছে আইএসপি সংগঠন। ঝুলন্ত তার কাটতে গিয়ে প্রতিবার ‘ভুল করার’ প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হবে বলে জানালেন সংগঠনের সভাপতি আখতারুজ্জামান। প্রথম আলোকে তিনি বলেন, ‘সোমবার থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে হরতাল কর্মসূচি পালন করব। আর বিদ্যুৎ মন্ত্রণালয়ের কোনো বৈঠকে যাব না। তাদের যেখানে ইচ্ছে তার কাটুক।’ তবে ‘ইন্টারনেট হরতাল’ হবে না বলে আশ্বাস দিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ। তিনি বলেন, মানুষের ভুলত্রুটি হয়েই থাকে। হরতাল হবে না। আইএসপিএবির সভাপতির সঙ্গে কথা হয়েছে। কাল বৈঠক করে এ সমস্যার একটি স্থায়ী সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। এক ব্যক্তির মৃত্যু: প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ঝুলন্ত তার কাটতে গিয়ে মারা গেছেন মাসুদ রানা (৩০)। তিনি ডিপিডিসির লাইনম্যান। বেলা সাড়ে ১১টায় তার কাটতে গিয়ে পা ফসকে মই থেকে পড়ে যান তিনি। মারাত্মক আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।