ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান গুদাম থেকে প্রায় আট লাখ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার এক গুদাম কর্মকর্তা, এক নিরাপত্তা সুপারভাইজার ও এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, গত মঙ্গলবার রাতে প্রশাসনিক ভবনের ২৫ গজের মধ্যে অবস্থিত গুদামকক্ষের দরজা ভেঙে দুর্বৃত্তরা ১৮৩ মিটার উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার ও ৬৪ মিটার কপার কন্ডাক্টর চুরি করে নিয়ে যায়। এগুলোর দাম প্রায় আট লাখ টাকা। এ ঘটনার পরের দিন (গত বুধবার) বিদ্যুৎকেন্দ্রের উপব্যবস্থাপক (নিরাপত্তা ও শৃঙ্খলা) আব্বাস উদ্দিন আহম্মেদ আশুগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল শুক্রবার সকালে ব্যবস্থাপনা পরিচালকের দাপ্তরিক নির্দেশে গুদাম কর্মকর্তা মো. জসিম উদ্দিন, নিরাপত্তা সুপারভাইজার নাজমুল হাসান ও নিরাপত্তাকর্মী মীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। বিদ্যুৎকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, গত বছরের ২৫ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ড থেকে প্রায় অর্ধকোটি টাকার তার চুরি হয়েছিল। থানায় মামলা হলেও এখন পর্যন্ত আগের চুরির রহস্য উদ্ঘাটন হয়নি। মালামালও উদ্ধার হয়নি। বিদ্যুৎকেন্দ্রের মতো একটি স্পর্শকাতর প্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনা কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলে তাঁরা জানান। বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক এ ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর আহমেদ এ ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে পুলিশ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে বলে তিনি জানিয়েছেন।