তার চুরির ঘটনায় দুই কর্মচারী গ্রেপ্তার রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে কারখানা থেকে দুই হাজার ২৫০ কেজি কপার চিপস ও দেড় শ মিটার কপার তার চুরির ঘটনায় গত বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।তাঁরা হলেন রেলওয়ের নিরাপত্তাকর্মী হাবিলদার রাহেন উদ্দিন (৪৮) ও কর্মচারী নওশের আলী (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শম্ভু দাসগুপ্ত জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে স্থানীয় টার্মিনাল মোড় থেকে রাহেনকে ও ভোর চারটার দিকে নওশেরকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আগামী সোমবার রিমান্ড আবেদনের শুনানি হবে।আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকারের শেষ সময়ে রেলওয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। যেটুকু সময় পাব, সে সময়ের যথাযথ প্রয়োগ করে রেলওয়েকে দুর্নীতিমুক্ত ও মানসম্পন্ন করার আপ্রাণ চেষ্টা করে যাব।’গতকাল দুপুরে আন্তনগর নীলসাগর ট্রেনে ঢাকা থেকে পার্বতীপুর যাওয়ার সময় মন্ত্রী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় তিনি এ কথা বলেন।