তার ছিঁড়ে বাস বিদ্যুতায়িত তিন যাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুরে গতকাল বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি বাসে বিদ্যুতের তার জড়িয়ে ঘটনাস্থলে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে গতকাল ছিল পরিবহন ধর্মঘট। এ কারণে বিশ্বরোড এড়িয়ে গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় কুমিল্লা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী আহসান স্পেশাল নৈশকোচটি মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপালপুর এলাকায় সড়কের ওপর বৈদ্যুতিক তারে আটকে পড়ে। এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নছরতপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে নুরুজ্জামান (৩৫), কাহারোল উপজেলার হাতিশা গ্রামের ইয়াছিন আলীর ছেলে সোহেল রানা (২৫) ও মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের ফজলুল হকের ছেলে বায়েজিদ হোসেন (২৪)। আহত রিপন, আজাদ, আবদুল লতিফ, সেলিনা ও কুলসুমকে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালক পলাতক।

মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, বাসটির ছাদে থাকা লোহার আসবাবে পল্লী বিদ্যুতের তার লেগে বাসটি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।