তার পরও তিতাসে 'সিস্টেম গেইন'
অবৈধ সংযোগ, চুরি, অপচয়—সবই চলছে দেদার। তার পরও তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ‘সিস্টেম লস’ নেই; বরং ‘সিস্টেম গেইন’ হচ্ছে। অর্থাৎ উত্তোলন কোম্পানিগুলোর কাছ থেকে তিতাস যে পরিমাণ গ্যাস কিনছে, গ্রাহকের কাছে বিক্রি করছে তার চেয়ে বেশি।
বিষয়টিতে তিতাস লাভবান হলেও পকেট কাটা যাচ্ছে মূলত বড় গ্রাহকদের। এ নিয়ে বিভিন্ন সময়ে তাঁরা অভিযোগও করেছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। কারণ, বিষয়টি পুরো সঞ্চালন ও বিতরণব্যবস্থা গ্যাসের চাপের সঙ্গে জড়িত।
‘সিস্টেম গেইন’ কীভাবে হচ্ছে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম বলেন, তাঁরা প্রতিদিন গড়ে ১৪০ কোটি ঘনফুট গ্যাস কেনেন উত্তোলন কোম্পানির কাছ থেকে। এই গ্যাস সঠিক তাপ ও চাপে তিতাসের সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ঢোকে। কিন্তু এই ব্যবস্থায় গ্যাসের চাপ কম থাকায় গ্রাহক সঠিক মাপে গ্যাস পান না।
নওশাদ ইসলাম বলেন, একজন শিল্পগ্রাহককে ১৫ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে ১৫ পাউন্ড) চাপে গ্যাস দেওয়ার কথা তিতাসের। কিন্তু লাইনে চাপ কম থাকায় তিনি হয়তো গ্যাস পান পাঁচ-ছয় পিএসআই চাপে। এর অর্থ হচ্ছে, তিনি যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা, তার চেয়ে অনেক কম পাচ্ছেন। কিন্তু তাঁর মিটার (এ দেশের ব্যবহূত সব মিটারই) সরবরাহকৃত গ্যাসের ওজন না মেপে গ্যাসের পরিমাণ (ভলিউম) মাপে। ফলে মিটারে প্রায় সেই পরিমাণই ওঠে, যে পরিমান গ্যাস তাঁর পাওয়ার কথা।
এভাবে কয়েক হাজার শিল্প ও বাণিজ্যিক গ্রাহক গ্যাস কম পান। ফলে তিতাসের হাতে গ্যাস থেকে যায়। এই থেকে যাওয়া গ্যাসের পরিমাণ অনেক সময় মোট সরবরাহের ৩ শতাংশ পর্যন্ত হয়। অর্থাৎ তিতাস ১৪০ কোটি (এক হাজার ৪০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস কিনলে তা থেকে চার কোটি ২০ লাখ (৪২ মিলিয়ন) ঘনফুট পর্যন্ত গ্যাস বাড়তি থাকে। এটাই তিতাসের ‘সিস্টেম গেইন’।
এ কারণে যে গ্রাহকেরা ক্ষতিগ্রস্ত হন, তাঁরা আবার গ্যাসের দাম কম দেওয়ার জন্য নানা পদ্ধতি অনুসরণ করেন। এ জন্য সরকার জাতীয় গ্যাস গ্রিডে তিনটি কমপ্রেসর স্থাপনের উদ্যোগ নেয় ২০০৫ সালে। কিন্তু এখন পর্যন্ত হবিগঞ্জের মুচাই নামক স্থানে একটি স্থাপিত হয়েছে। আশুগঞ্জ ও টাঙ্গাইলের এলেঙ্গায় কমপ্রেসর স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, আগামী মার্চ মাসে আশুগঞ্জেরটি এবং তার কিছুদিন পরেই এলেঙ্গার কমপ্রেসরটি চালু হবে। তখন আর এ সমস্যা থাকবে না।