তার পরও ভালো ফল
নাটোর সদর উপজেলার হালতি বিলে অবস্থিত একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। পাকা দেয়ালের ওপর টিনের ছাউনিতে চার কক্ষের বিদ্যালয়টির চার দিকে পানি। বন্যায় ভবনের নিচের অংশ ধসে গেছে। দুর্ঘটনার আশঙ্কায় চার মাস ধরে তাই বিদ্যালয় বন্ধ। এমনি অবস্থায় পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকেরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে রাত জেগে পড়িয়েছেন। বিদ্যালয়ের ১১ পরীক্ষার্থীর ১০ জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জানান, এটি এই এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতি বছরই এখানে শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করে। ছয়জন শিক্ষকের পদ থাকলেও গত কয়েক বছর ধরে দুজনের বেশি শিক্ষক ছিল না। এলাকার শিক্ষানুরাগীরা চাঁদা দিয়ে ১১ বছর ধরে একজন শিক্ষক ভাড়া করে রেখেছেন। এই গ্রামেরই সন্তান আবদুল হাই মাসে মাত্র দেড় হাজার টাকায় শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আগে তাঁরা শিক্ষার্থীদের বাড়িতে রাতে থেকে পড়ালেখা করিয়েছেন। ওরা ভালো ফল করেছে। কিন্তু তাঁর ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না।বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হায়দার আলী বলেন, এই মুহূর্তে শিক্ষক সংকটের চেয়েও বড় সমস্যা বিদ্যালয় ভবনের। গত বন্যায় ভবনের মেঝে দুই থেকে তিন ফুট দেবে গেছে। দেয়ালের নিচের অংশ ধসে গেছে। যেকোনো সময় পুরো ভবনটি ভেঙে পড়তে পারে। প্রাণহানির আশঙ্কায় গত নভেম্বরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। গত এক মাস ধরে গ্রামের একটি মাদ্রাসার ছাত্রাবাসে শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। একটি মাত্র কক্ষে সব শ্রেণীর শিক্ষার্থীদের বসানো হয়। এরপর বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে পর্যায়ক্রমে পড়ানো হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ওই বিদ্যালয়ে খুব ভালো লেখাপড়া হয়। আরও ভালো করার জন্য সেখানে শিক্ষক বাড়ানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য সুপারিশ করা হয়েছে। এখনো সাড়া পাওয়া যায়নি।