তার পরও মা...
মামলার বাদী মা। আসামি ছেলে। আসামির বিরুদ্ধে অভিযোগ তিনি বাদীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন।
গতকাল সোমবার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মা আদালতকে লিখিতভাবে জানান, তিনি আর মামলা পরিচালনা করবেন না। ছেলেকে খালাস দিলে তাঁর কোনো আপত্তি নেই। আদালত আসামিকে বেকসুর খালাস দেন।
হত্যাচেষ্টার পরও ছেলেকে ক্ষমা করে দিয়েছেন মা প্রতিভা রাণী দে। মাদকাসক্ত ছেলে ঝুলন দের অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। বারবার চেষ্টা চালিয়েছেন ছেলেকে সুপথে ফেরাতে। একপর্যায়ে তাঁকে গলা টিপে হত্যার চেষ্টা করেন ঝুলন। পরিবারের অন্যদের হস্তক্ষেপে সে যাত্রা বেঁচে যান তিনি। বাধ্য হয়ে মামলাও করেন। কিন্তু শেষ পর্যন্ত আবারও ছেলেকে বুকে টেনে নিয়েছেন এই আশ্বাসে, তাঁর ছেলে ভালো হয়ে যাবে।
আদালত প্রাঙ্গণে প্রতিভা রাণী বলেন, ‘ছেলে কারাগারে থাকুক কোনো মা তা চায় না। সে এখন আর নেশা করবে না জানিয়েছে। তাই ক্ষমা করে দিছি।’
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৬ আগস্ট মাদক কিনতে ঝুলন তাঁর মায়ের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে মা প্রতিভা রাণীকে গলা টিপে হত্যার চেষ্টা করে ঝুলন। এ ঘটনায় ওই বছরের ১৮ আগস্ট চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ২৩ আগস্ট পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর পর থেকে ১৮ মাস ধরে কারাগারেই রয়েছেন ঝুলন।
প্রতিভা রাণীর চার সন্তানের মধ্যে ঝুলন দে বড়। চট্টগ্রামের উত্তর কাট্টলীতে তাঁদের বাসা। ঝুলনের স্ত্রী ও ছেলে তাঁর মায়ের সঙ্গেই থাকে।
চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতের সরকারি কৌঁসুলি আবিদ হোসেন জানান, বাদী মামলাটি পরিচালনা করবেন না বলে জানান। আসামি ক্ষমা চাইলে মা তাঁকে ক্ষমা করে দেন। উভয়ের মধ্যে আপস হওয়ায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরী আসামিকে বেকসুর খালাস দেন।
আদালত প্রাঙ্গণে কথা হয় ঝুলনের সঙ্গে। তিনি জানান, সঙ্গদোষে নেশার অন্ধকার জগতে জড়িয়ে যান তিনি। আর নেশা করবেন না বলেও জানান তিনি।